মিমের হবু স্বামী ব্যাংক কর্মকর্তা, বাড়ি কুমিল্লায়

বিনোদন ডেস্ক- ছয় বছর আগে পরিচয়। তারপর বন্ধুত্ব। এরপর মন দেওয়া-নেওয়া। দীর্ঘসময় বোঝাপড়া শেষে বিয়ের সিদ্ধান্ত। নিজের জন্মদিনেই বিশেষ মানুষটিকে প্রকাশ্যে নিয়ে এলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।

 

বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে আংটি বদল করেন তিনি। এরপর নিজেই হবু বরের সঙ্গে তোলা ছবি শেয়ার করে সবাইকে খবরটি দেন। তবে মিম তার ঘোষণায় পাত্রের নাম পরিচয় কিছুই জানাননি। যার ফলে শোবিজ মহলে বিষয়টি নিয়ে নানা কৌতুহল ও রহস্য জটলা বেঁধেছে।

 

তবে একটি ঘনিষ্ঠ সূত্রে গণমাধ্যম নিশ্চিত হয়েছে নায়িকা মিমের হবু স্বামীর নাম, পরিচয়সহ আনুষাঙ্গিক তথ্য। সুদর্শন এই যুবকের নাম সনি পোদ্দার। তিনি জন্মগ্রহণ করেছেন কুমিল্লায়। মাধ্যমিক শেষ করেন কুমিল্লা জিলা স্কুলে।

 

এরপর ঢাকায় এসে সনি পোদ্দার পড়াশোনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। মিমের সঙ্গে বাগদানের ছবি দেখে তার এক সহপাঠী-বন্ধু এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

সনি পোদ্দার বর্তমানে কর্মরত আছেন সিটি ব্যাংকে। তবে এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংকে চাকরি করেছিলেন।

 

মিমের সঙ্গে সনির ৬ বছরের প্রেম। তবে তারা দু’জনেই সম্পর্কের বিষয়টি একেবারে গোপন রেখেছিলেন। যদিও ভালোবেসে তারা আরও আগেই আংটি বদল করেছিলেন। বিভিন্ন সময়ে মিম অনামিকায় আংটি পরা ছবি আপলোড দিয়েছেন। কিন্তু সেটা খেয়াল করেনি কেউই।

 

অন্যদিকে সনিও তার দিক থেকে সম্পর্কের বিষয়টি গোপন রাখেন। তার বন্ধুরা পর্যন্ত বিষয়টি জানতো না। এ কারণে মিমের সঙ্গে বাগদানের ছবি দেখে তারাও বিস্মিত।

 

২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট জিতে শোবিজে অঙ্গনে যাত্রা শুরু মিমের। এরপর ২০০৮ সালে মুক্তি পাওয়া নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের আমার আছে জল সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।

 

২০১৪ সালে মুক্তি পাওয়া জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *