বিনোদন ডেস্ক- পথচলার শুরুটা সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। এরপর মডেলিং, চলচ্চিত্র, নাটক; শোবিজের বিভিন্ন আঙিনায় তার সরব বিচরণ। সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় জিতেছেন দর্শকদের মন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা হিসেবে। তিনি বিদ্যা সিনহা মিম। গ্ল্যামারাস এই অভিনেত্রীর জন্মদিন আজ।
১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন বিদ্যা সিনহা মিম। তার বাবার নাম বীরেন্দ্রনাথ সাহা, মায়ের নাম ছবি সাহা। বাবার চাকরি সূত্রে ভোলা ও কুমিল্লায় মিমের অনেকটা সময় কেটেছে।
কত বছরে পা রাখলেন? জবাবে মিম বলেন, ‘বয়স নিয়ে ভাবি না। বেঁচে থাকা সুন্দর। সেটাকে উপভোগ করছি। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে আগামীর দিনগুলো রঙিন করে রাখতে চাই।’
সবসময়ই তিনি পরিবারের সঙ্গে জন্মদিন পালন করেন। এবারেও আয়োজন থাকছে। তবে দিনটা কাটছে বাইরে। শুটিং করছেন একটি সিনেমার।
এবারের জন্মদিন পালন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রতি বছরই আমার জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় বাবা, মা আর আমার আদরের ছোট বোন মমির সঙ্গে কেক কেটে। সেই সঙ্গে কিছু প্রিয় মানুষদের নিয়ে আমার দিনটি ঘরোয়াভাবেই পালন করা হয়ে থাকে। এবারও সেটাই হয়েছে।
তবে এবার জন্মদিনে সা্রপ্রাইজ আছে। যা আজ রাতে আমি সাবাইকে জানাবো।’
কি সারপ্রাইজ জানতে চাইলে এই লাস্যময়ী রহস্যময়ী হাসিতে বলেন, ‘সেটা তো সারপ্রাইজ। সময়ের আগে বলা যাবে না। অপেক্ষা করতে হবে রাত পযর্ন্ত।’
কোনো নতুন সিনেমায় কি চুক্তিবদ্ধ হয়েছেন মিম? এই প্রশ্নটাও এড়িয়ে গেলেন মিষ্টি হেসে।
তো আর কি, অপেক্ষা করা যাক নায়িকার সারপ্রাইজের। তার ভক্তদের জন্য হয়তো চমক জাগানিয়া কিছুই নিয়ে আসতে চলেছেন তিনি।
