বিনোদন ডেস্ক- দুই দশক ধরে মডেলিং ও টিভি নাটকে কাজ করলেও চলচ্চিত্রে মিথিলার অভিষেক হয়েছে চলতি বছরেই, তাও এপার-ওপার দুই বাংলাতেই। টালিউডের “মায়া” চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
তবে কেবল ‘মায়া’য় আটকে থাকেননি তিনি। পরপর করেছেন আরও দুটি ছবি। রিঙ্গো পরিচালিত ‘আ রিভার ইন হ্যাভেন’ ও অরুনাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ছবিগুলো শেষ করে মিথিলা ফিরেছেন ঢাকায়।
দেশে ফিরেই তিনি শুরু করেন অরুণ চৌধুরীর সরকারি অনুদানের ছবি ‘জলে জ্বলে তারা’ র কাজ। এতে তাঁর নায়ক এফ এস নাঈম। এ পাঁচটি ছবির কাজ শেষ করে মিথিলা আবার ফিরেছেন তাঁর চেনা জায়গা টিভি নাটকে।
৫ ও ৬ নভেম্বর রাজধানীর উত্তরায় ‘সিনিয়র’ নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা। প্রীতি দত্তের লেখা ও পরিচালনায় এ নাটকে তাঁর সহশিল্পী খায়রুল বাসার।
নির্মাতা জানিয়েছেন, নাটকটিতে মিথিলা অভিনয় করেছেন ডেন্টিস্টের চরিত্রে। তাঁর প্রেমে পড়েন পাঁচ বছরের ছোট খায়রুল বাসার। প্রতিদিন রাস্তায় মিথিলার জন্য অপেক্ষা করেন। তবে বিষয়টিকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারেন না মিথিলা। নির্মাতা প্রীতি দত্ত জানান, শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে মিথিলা-খায়রুল বাসার অভিনীত নাটক ‘সিনিয়র’।
মিথিলা জানিয়েছেন, নভেম্বর মাসে এটিই তাঁর শেষ কাজ। আগামী সপ্তাহে তিনি যাবেন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। ফিরবেন চলতি মাসের শেষে। এরপর ডিসেম্বরে যাবেন শ্বশুরবাড়ি কলকাতায়।
