বিনোদন ডেস্ক- ঢাকা-কলকাতা দুই বাংলায় পরিচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি কণ্ঠে গান তুলেও পেয়েছে পরিচিতি। এবার প্রকাশ্যে এলো নুসরাত ফারিয়ার আলোচিত গান ‘হাবিবি’।
রোববার (৭ নভেম্বর) দুপুরে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের গানের ভিডিও। কণ্ঠ দেয়ার পাশাপাশি এতে আগের দুটি গানের মতোই পারফর্মও করেছেন এই তারকা অভিনেত্রী।
গানটির কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব।
কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের পাশাপাশি ফারিয়ার দুর্দান্ত নাচ দর্শকের নজর কেড়েছেন। গানটি মুক্তির পর ফারিয়ার ভক্ত-অনুরাগীরা মন্তব্য করে তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন।
‘হাবিবি’ পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝামাঝি সময়ে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটার দূরে এক রাজপ্রাসাদে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। শুটিংয়ের আগে তিনদিন গ্রুমিং হয়েছে। মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে এতে পারফর্ম করেছেন।
ব্যায়বহুল এই মিউজিক ভিডিওটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন নুসরাত ফারিয়া। অনলাইন, অফলাইনে গানটির প্রচার-প্রচারণায় দারুণ সরব ছিলেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পরপরই দারুণ সাড়াও মিলেছে। তবুও মন খারাপ নায়িকার।
ফারিয়ার ভাষ্য, ‘টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। এটা কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না। কারণ অনুসন্ধানে দু একটা মাধ্যমে কাজ করছি। ভারত থেকে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে বাংলাদেশে। এ জন্য কিছুটা মন খারাপ। দর্শকদের বলবো, সমস্যাটা নিশ্চয়ই সাময়িক। নিশ্চয়ই সমস্যাটি কাটিয়ে উঠবো আমরা।’
এই গানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ফারিয়া। এমন কঠোর পরিশ্রমের কথা কখনোই ভুলতে পারবেন না এই অভিনেত্রী। ফেসবুকে দেওয়া একটি পোস্টে ফারিয়া লিখেছেন, ‘এবার আমি আসলেই রক্ত পানি করা পরিশ্রম করেছি। আমার জীবনের এই তিন সপ্তাহ সবসময় মনে রাখব।’
