বিনোদন ডেস্ক- জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মাস দুয়েক আগেই আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি গীতিকবি মোহসিন মেহেদীর সঙ্গে। বিয়ের পর থেকেই অন্যরকম সময় পার করছেন দুজন।
তবে এরমধ্যে কোথায় ঘুরতে যেতে পারেননি। কারণ রাজধানীর নিজেদের নিকেতনের বাসায় আতিথেয়তা করতে করতেই সময় গেছে তাদের। ব্যস্ত সময় পার করেছেন এতদিন।
এখন কি অবস্থা? ন্যান্সি উত্তরে বলেন, আর বলবেন না। বিয়ের অনুষ্ঠানের পর থেকে অবসর সময় পাইনি একদমই। কারণ সবাইকে বিয়ের আয়োজনে আমন্ত্রণ জানাতে পারিনি। তাই পরবর্তীতে বাসায় ভাগে ভাগে সবাইকে ডেকে আতিথেয়তার কাজটি সম্পন্ন করেছি।
তবে দু-একদিন পর পরই এমন আয়োজন করেছি। তাই একদমই রিল্যাক্স হতে পারিনি। তবে ব্যস্ততা পার করে গত দু-তিন দিন ধরেই বেশ আছি। নিজেকে সময় দিচ্ছি।
জীবনের এ পর্যায়ে এসে কেমন উপলব্ধি হচ্ছে? ন্যান্সি হেসে বলেন, আমি এখন সম্পূর্ণ টেনশনমুক্ত। কারণ বাসার যত কাজ, রোদেলার পড়াশোনা, অন্যান্য দায়িত্ব সব কিছু মোহসীন নিজেই সামলাচ্ছে। আমাকে তেমন কোনো কিছু করতেই দিচ্ছে না। বিয়ের আগে এতদিন এই সবই আমারই সামলাতে হয়েছে।
বিয়ের পর তো ঘুরতে যাওয়া হয়নি আপনাদের। পরিকল্পনা কি? ন্যান্সি বলেন, সময়ই পাইনি এতদিন। তবে পরিকল্পনা আছে দেশের বাইরে কেথায় খুব দ্রুতই ঘুরতে যাওয়ার।
গান কি করা হচ্ছে এখন? উত্তরে এ গায়িকা বলেন, এই সময়ে গান করা হয়নি। তবে ‘সুবহে সাদিক’ নামে একটি গান প্রকাশ হয়েছে কদিন আগে। এতে আমার সহশিল্পী আসিফ আলতাফ। অত্যান্ত ভালো গায় সে। এ গানটিও তার কথা-সুরের। গানটি থেকে ভালো সাড়া মিলছে। আর অনুপম থেকে আমার আরও ৮ টি গান প্রকাশের অপেক্ষায় আছে। সিএমভি ও সিডি চয়েস থেকেও নতুন গান আসবে।
