নজর২৪, ঢাকা- নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া যেন যাত্রীদের থেকে কোনভাবেই আদায় করা না হয় সে ব্যাপারে পরিবহন মালিক শ্রমিকদের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৮ নভেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা যেন যাত্রীদের কাছ থেকে কোনভাবেই আদায় করা না হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
ব্রিফিংয়ে ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের।
বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি বলেন, দেশে কোনো ভয়ংকর পরিস্থিতি নেই। জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সরকারের অবস্থান কঠোর। বিএনপি সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষ নিয়েছে বলেই এ ধরনের বক্তব্য রাখছে।’
এদেশে রাজনীতিতে দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ ঘটিয়েছে অগণতান্ত্রিক স্বৈর সরকার, তারাই রাজনীতিকে কলুষিত করেছে। আর এ দায় বিএনপি কখনো এড়াতে পারবে না, যোগ করেন সেতুমন্ত্রী।
