Home ফিচার সিদ্ধান্তে অটল পরিবহন নেতারা, ট্রাক ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা

সিদ্ধান্তে অটল পরিবহন নেতারা, ট্রাক ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা

0
102
track

নজর২৪, ঢাকা- জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

 

তারা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে চলমান ধর্মঘট নিয়ে তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে এখনো কেউ কথা বলেনি। তাই তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

রোববার (৭ নভেম্বর) বিকেলে ধর্মঘট চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী।

 

তিনি বলেন, আজ দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন গণপরিবহন মালিকরা। সেখানে গণপরিবহনে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পণ্য পরিবহনের মালিক-শ্রমিকদের সঙ্গে কেউ কথা বলেনি। এমন অবস্থায় তারা তেলের দাম কমানোর দাবিতে ধর্মঘট চালিয়ে যাবেন।

 

এ বিষয়ে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ বলেন, আমরা ধর্মঘট প্রত্যাহার করব না। তেলের দাম কমলেই ধর্মঘট প্রত্যাহার করব। এছাড়া আমরা ধর্মঘট প্রত্যাহার করব না।

 

বাসভাড়া বাড়ানোর দাবি

ডিজেলের দাম বাড়ার পর শুক্রবার থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট করছে তারা।

 

রোববার বিআরটিএর সঙ্গে বৈঠকে বাস ভাড়া ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সড়ক পরিবহনমালিকরা। সিএনজিচালিত হলেও ঢাকা মহানগরীতে একই হারে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন তারা। ঢাকায় মিনিবাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ৫০ শতাংশ।

 

এতে দূরপাল্লার বাস ভাড়া ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছেন পরিবহনমালিকরা। অর্থাৎ আগে প্রতি কিলোমিটারে ভাড়া যেখানে ১ টাকা ৪২ পয়সা ছিল, এখন সেখানে ২ টাকা চান মালিকরা।

 

আর মহানগরে বাস ভাড়া ৪১ শতাংশ ও মিনিবাসের ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর দাবি করেছেন মালিকরা। মহানগরে বাস ভাড়া ছিল প্রতি কিলোমিটার ১ টাকা ৭০ পয়সা। এখন তা ২ টাকা ৪০ পয়সা করার দাবি করেছেন মালিকরা। আর মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার দাবি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here