বিনোদন ডেস্ক- বহু দিন ধরে উধাও চিত্রনায়িকা সাদিক পারভীর পপি। পরিবারের সঙ্গে থাকছেন না। আত্মীয় স্বজনরাও খোঁজ জানেন না। এরইমধ্যে সিনেপাড়ায় গুঞ্জন রটেছে যে, পপি বিয়ে করেছেন। সম্প্রতি সন্তানের মাও হয়েছেন। সে কারণেই আড়ালে আছেন তিনি।
শুরুতে শোনা গিয়েছিল, এক ব্যবসায়ীকে লুকিয়ে বিয়ে করার কারণে গা ঢাকা দিয়েছেন তিনি। বর্তমানে রাজধানীতেই গোপন সংসার পেতেছেন পপি! গত শুক্রবার (২৯ অক্টোবর) রাতে একটি সূত্রে জানা যায়, পপি মা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
যদিও তার সন্তান হওয়ার কথা ছিল আরও কিছু দিন পরে। তবে নির্ধারিত সময়ের আগেই তার কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। যদিও নায়িকার কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কেননা বরাবরের মতো এখনো তার নম্বরটি বন্ধই রয়েছে।
এসব ঘটনার মধ্যেই পপির বাবা আবুল হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘পরিবার নিয়ে আমি অনেক দিন ধরেই খুলনায় আছি। শুনেছি পপি সন্তানসম্ভাবনা। এসব নিয়ে নানা জনের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। বাবা হিসেবে বেশ দুশ্চিন্তায় আছি। আমি বা আমার পরিবারের কেউই এ বিষয়ে কিছু জানি না। এমনকি পপির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এখন মেয়ে যদি বাবার ফোন না ধরে, তাহলে এই দুঃখ কাকে জানাব! আমরাও অপেক্ষায় আছি ওর খবর পাওয়ার।’
বিয়ের পর পপি কোথায় বসবাস করছেন, এ নিয়ে দুটি গুঞ্জন রয়েছে। কারো ধারণা, গাজীপুরের এক ব্যবসায়ীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছেন তিনি। আবার আরেকটি সূত্রে জানা যায়, তিনি বসবাস করেন ঢাকার একটি ডিপ্লোমেটিক এলাকায়।
এদিকে গত আগস্ট মাসে গণমাধ্যমের হাতে পপির মায়ের একটি ভিডিও বার্তা আসে। সেখানে তিনি দাবি করেন, পপি তার খোঁজ নেন না। এমনকি তারা একে-অপরের ঠিকানা পর্যন্ত জানেন না।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পপি। প্রথম সিনেমাতেই বাজিমাৎ। এরপর অসংখ্য দর্শকপ্রিয় ও সফল সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা।
