বিনোদন ডেস্ক- আজকের তারিখ শাহরুখ খান ভক্তদের জন্য বিশেষ। কারণ আজ বলিউড বাদশার জন্মদিন। ৫৬ বছরে পা রাখলেন বলিউডের ‘কিং অব রোমান্স’।
এই দিনের জন্য অপেক্ষায় থাকেন শাহরুখ ভক্তরা। দলে দলে জড়ো হন প্রিয় অভিনেতার বাসভবন মান্নাতের সামনে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সোমবার মধ্যরাত থেকে মুম্বাইয়ে শাহরুখের বাড়ি ‘মান্নাতে’র সামনে ভিড় করেছেন ভক্তরা।
এবারের জন্মদিন অবশ্য শাহরুখ খানের কাছেও একটু অন্যরকম। মাকদসহ বড় ছেলে আরিয়ান খানের আটক-গ্রেপ্তার মিলিয়ে খুব খারাপ সময় পার করেছেন কিং খান ও তার পরিবার। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন আরিয়ান। শাহরুখের মুখেও ফিরেছে হাসি। জন্মদিনের উৎসব তাই তার কাছে বিশেষ হয়েই ধরা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মাঝরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় করেছেন ভক্তরা। রাত বারোটা বাজতেই সমবেতভাবে গাওয়া হয়েছে ‘হ্যাপি বার্থ ডে’। বেশ কিছু ভিডিও এর মধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
এতে দেখা যাচ্ছে, রাতেই মান্নাতের বাইরে এত ভিড় হয়েছে যে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। পুলিশ জড়ো হওয়া ভক্তদের সরিয়ে গাড়ি যাওয়ার রাস্তা করে দিচ্ছেন।
প্রতি বছরই মান্নাতের ছাদ থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ। ছোট ছেলে আব্রামও থাকে তার সাথে থাকে মাঝে মাঝে। এর আগে আরিয়ান বা সুহানাকে নিয়েও আসতেন তিনি মান্নাতের ছাদে।
তবে, এবার শাহরুখের জন্মদিন নিয়ে কিছুটা দোটানায় রয়েছেন ভক্তরা। তাদের ভয়, আরিয়ান-বিতর্কের পর দেখা দেবেন তো তিনি। কারণ, ছেলে গ্রেপ্তার হওয়ার পর থেকে নিজেকে লোকচক্ষুর অড়ালেই রেখেছেন শাহরুখ।
আপাতত মান্নাতের বাইরে জড়ো হওয়া ভক্তরা তাকিয়ে আছেন বাড়িটির দিকে। কখন তাদের স্বপ্নের অভিনেতা আসবেন, তাদের উদ্দেশ্যে হাত নাড়বেন আর তারা মেতে উঠবেন আনন্দে সেই আশায়।
এদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, এবারের শাহরুখের দিওয়ালি উৎসবও হবে ঘরোয়া ভাবে। পরিবারের সবার সঙ্গে দীপাবলী উদযাপন করবেন বলিউড বাদশা। এবার কোনো পার্টির আয়োজন থাকছে না মান্নাতে।
শুধু তাই নয় শাহরুখের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, আগামী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনের পর কাজে ফিরবেন তিনি।
