সরকার যতই ছলচাতুরী করুক, তাদের মেয়াদ শেষ: গয়েশ্বর

নজর২৪, ঢাকা- সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার যতই ছলচাতুরী করুক, তাদের মেয়াদ শেষ, তাদের যাওয়া সময় হয়ে গেছে।

 

সোমবার (০১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

 

সরকারের ‘পাপের বোঝা’ অনেক ভারী মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘আমার মনে হয়, সরকার যতই ছলচাতুরী করুক, ওর মেয়াদ শেষ, ওর যাওয়া সময় হয়ে গেছে। এখন আপনারা (নেতাকর্মী) যদি চান রাখতে পারেন। আর আপনারা যদি চান বিদায় দেবেন, তাহলে মানববন্ধন ও রাজপথ দখল করে বলতে হবে- শেখ হাসিনাকে যেতে হবে।’

 

নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা নিজেদের ভালো-মন্দ বিচার ও বিবেচনা করে যদি কর্মসূচির প্রতিবাদের ভাষা শক্ত না করে দুর্বল করেন তাহলে শেখ হাসিনা থাকতে পারবেন। তবে আজকে শেখ হাসিনার ক্ষমতায় থাকার মতো কোনো পরিবেশ ও পরিস্থিতি নাই। সেই কারণে বলবো, আপনারাই শেখ হাসিনাকে বিতাড়িত, গণতন্ত্র উদ্ধার এবং খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন।’

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিনিসপত্রের দাম বাড়বে, উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করা হচ্ছে, পাচারকৃত টাকা বাংলাদেশের টাকা। এখন বিদেশ থেকে টাকা ধার করে আনছে, সেই ধারের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *