বিনোদন ডেস্ক- পরীমনি আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে দু’দিন আগেই নিজের জন্মদিন উদযাপন করেছেন ঢালিউড এ অভিনেত্রী। বরাবরই শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জন্মদিন উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের জন্মদিনের পোশাক নিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন। সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।
বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ‘ফ্লাই উইথ পরীমনি’ অর্থাৎ ‘পরীমনির সঙ্গে ওড়ো’। জন্মদিনের রাতে বিমানবালার বেশে অতিথিদের সামনে হাজির হয়েছিলেন পরীমনি। নেটিজেনদের আলোচনা-সমালোচনায় বড় জায়গা করে নিয়েছে এই পোশাক।
তার পরনে ছিল লাল রঙের শার্ট, মাথায় লাল-সাদার সমন্বয়ে টুপি। এছাড়া নিম্নাংশ আবৃত করেছেন সাদা রঙের একটি কাপড়ে, যেটা অনেকটা লুঙ্গির মতো দেখতে। কাছা দেওয়ার ভঙ্গিমায় সেটি পরেছেন তিনি। এমন ব্যতিক্রমী পোশাকে পরীমনি নজর কেড়েছেন পার্টিতে আগত অতিথি ও নেটিজেনদের।
তবে শরীরের ঊর্ধ্বাংশের পোশাক বিমানবালার হলেও নিম্নাংশের পোশাক তেমন ছিল না। যে কারণে জন্মদিনের পোশাক নিয়ে ট্রলের শিকার হচ্ছেন এই চিত্রনায়িকা। পোশাকটিকে কেউ বলছেন লুঙ্গি, কেউবা ধুতি।
হোটেল রেডিসন ব্লুতে পরীমনির জন্মদিনের এই জমকালো আয়োজন এবং সাজ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও হয়েছে। সেখানেই নায়িকার এমন সাজকে অশ্লীল বলে উল্লেখ করা হয়েছে।
পোস্ট হওয়া খবরের কমেন্ট বক্স ভরে গেছে নানারকম নেতিবাচক মন্তব্য। নারী নেটিজেনরাই বেশি নেতিবাচক মন্তব্য করেছেন পরীমনির সাজ নিয়ে। এমন সাজে উল্টাপাল্টা নেচেও সমালোচিত হয়েছেন নায়িকা।
তবে সমালোচনার জবাব দিয়েছেন পরীমনি তার নিজস্ব ঢঙে। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘এসব নিয়ে কারা সমালোচনা করছেন আমি জানি না, ভাবছিও না’। নাচের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি পাবলিক কোনো অনুষ্ঠানে এটা করিনি। ঘরোয়া অনুষ্ঠানে আমি নাচ-গান করতেই পারি। আমার ইচ্ছে ছিল দিনটিতে নিজের মতো করে আনন্দ করার; আমি করেছি।’
যারা এই ভিডিও ভাইরাল করেছেন এই চিত্রনায়িকা অভিযোগের তীর তাদের দিকেই ছুঁড়ে বলেছেন, ‘আমার অনুমতি ছাড়া যারা বাহিরে ভিডিও প্রকাশ করেছেন, তারা অপরাধ করেছেন।’
