Home রাজধানী শাহবাগে গণঅবস্থান নিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

শাহবাগে গণঅবস্থান নিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

0
86

নজর২৪, ঢাকা- সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে নোয়াখালী, কুমিল্লা, রংপুরসহ সারাদেশে সংগঠিত ‘সাম্প্রদায়িক হামলার’ প্রতিবাদে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

 

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে তারা শাহবাগ জাতীয় জাদুঘর চত্বরে অবস্থান নেন।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অবস্থান কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলবে এবং এরপর সংগঠনটি একটি বিক্ষোভ মিছিল বের করার মাধ্যমে অবস্থান কর্মসূচি শেষ হবে।

 

সকাল ৭টার দিকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে সংহতি প্রকাশের জন্য উপস্থিত হন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের নেতা হাসানুল হক ইনু।

 

অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ধর্মান্ধ, জঙ্গি ও সন্ত্রাসী হামলা পরিকল্পিত ছিল। হামলাকারীরা হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল। বাংলাদেশের মুসলিম সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে দাঙ্গা লাগানো সম্ভব হয়নি।’

 

গণঅবস্থানে উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘কোরআন অবমাননার জন্য হিন্দুদের ওপর হামলা চালানো হয়নি। বরং তাদের ওপর হামলা চালানোর উদ্দেশেই কোরআনকে মন্দিরে রেখে আসা হয়। এবারের এ ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে শুধু প্রতিবাদ করলে হবে না, প্রতিরোধও গড়ে তুলতে হবে।’

 

গণঅবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিন্দ চন্দ্র ভৌমিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here