কড়া নিরাপত্তায় কুমিল্লায় নেয়া হচ্ছে ইকবালকে

নজর২৪, কক্সবাজার- কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কড়া নিরাপত্তায় কক্সবাজার থেকে নেয়া হচ্ছে কুমিল্লায়।

 

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোরে তাকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি দল।

 

পুলিশ বহরের নেতৃত্বে আছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান।

 

ইকবালকে গ্রেপ্তারের বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, ‘এই অভিযানটি কক্সবাজার জেলা পুলিশের নয়, কুমিল্লা জেলা পুলিশের। আমরা তাদের সাহায্য করেছি।’

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল কী জানিয়েছেন তা বলেননি পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, ইকবালের বিষয়ে বিস্তারিত সব তথ্যই কুমিল্লা জেলা পুলিশ জানাবে।

 

গত ১৩ অক্টোবর ভোরে নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েক স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ঘটনার জেরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দু মন্দিরে হামলা চালানো হয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়।

 

পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালানো হয়। সেখানে হামলায় দুই জন নিহত হন। এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে পূজামণ্ডপে কোরআন রাখা ইকবালকে চিহ্নিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *