রাষ্টধর্ম ইসলাম পরিবর্তন করবে না আ.লীগ : হুইপ স্বপন

নজর২৪, চট্রগ্রাম- রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

 

তিনি বলেন, ‘কয়দিন ধরে কথা হচ্ছে, আওয়ামী লীগ রাষ্টধর্ম ইসলাম পরিবর্তন করবে। কিন্তু আপনারা স্পষ্ট শুনে রাখুন, এটা হবে না।’

 

চট্টগ্রামে সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে তিনি এ কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সংবিধানে স্পষ্ট করে বলা আছে, রাষ্ট্রধর্ম ইসলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে। রাষ্ট্র সব ধর্ম পালনে নিরাপত্তা দেবে।

 

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র করছে। তার চামচারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্ট করছে। যতদিন পর্যন্ত তারেক জিয়া আছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।’

 

তিনি আরও বলেন, ‘বিচ্ছিন্ন একটি দ্বীপ সন্দ্বীপ। সড়কপথে কোনও যোগাযোগ নেই। অথচ বাংলাদেশের মানুষ এই দ্বীপকে এক নামে চেনে। এর কারণ প্রয়াত মুস্তাফিজুর রহমান। তিনি সন্দ্বীপকে বাংলাদেশে পরিচিত করেছেন।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *