উৎসবে যোগ দিতে ভারতে যাচ্ছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক- সন্তান, সংসার-সবকিছু সামলে মাঝে অনেক দিন অভিনয়ে সময় দিতে পারেননি অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে ফিরে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন তিনি। কিছুদিন আগে পাবনায় ‘প্রেম পিরিতির বন্ধন’ ছবির শুটিং করে ঢাকায় ফিরেছেন।

 

সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’র কাজ শেষ করেছেন গত মাসেই। মুক্তির অপেক্ষায় আছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও ‘ঈশা খাঁ’। আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের কথা চলছে তাঁর। আছে বিজ্ঞাপনচিত্রের কাজও।

 

এই ব্যস্ততার মাঝেই আগামীকাল ভারতে উড়াল দিচ্ছেন অপু বিশ্বাস। অভিনেত্রী জানিয়েছেন, ২৪ থেকে ২৯ অক্টোবর আসামের গুয়াহাটিতে আয়োজিত হবে প্রথমবারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। সেখানে দেখানো হবে বাংলাদেশের বেশ কিছু ছবি।

বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ স্থান পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ছবি ‘রাজনীতি’। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবে অপু যোগ দেবেন আমন্ত্রিত অতিথি হিসেবে।

 

অপু বিশ্বাস বলেন, ‘দেশের বাইরের যেকোনো উৎসব আয়োজনে আমন্ত্রণ পাওয়া সম্মানের বিষয়। শুধু আমিই নই, আরও বেশ কয়েকজন অতিথি ভারতে যাবেন উৎসবে অংশ নিতে। উৎসব শেষে চলতি মাসেই ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে। আশা করছি সুন্দর ও সফল একটি উৎসব হবে।’‍

 

চলচ্চিত্র যাচাই-বাছাই কমিটির অন্যতম সদস্য পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, সরকারের এটি খুবই ভালো উদ্যোগ। বাংলাদেশি সিনেমা আগেও ভারতের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে। এতে পরিচালক-প্রযোজকদের মধ্যে ভালোমানের দেশীয় চলচ্চিত্র তৈরির তাগিদ বাড়ছে। তিনি বলেন, ‘এ ধরনের উৎসব আয়োজনের মধ্য দিয়ে ভারতের সিনেমাপ্রেমীরা বাংলাদেশের সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন। আমাদের সিনেমা সম্পর্কেও ধারণা পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, আমাদের সংস্কৃতি সম্পর্কে তাঁদের জানার সুযোগ হচ্ছে।’

 

সোহানুর রহমান বলেন, এর আগে সরকারি উদ্যোগে এ ধরনের উৎসবে অংশ নেওয়া ছবির কোনো শিল্পী বা কলাকুশলী ভারতে যেতে চাইলে নিজ খরচে যেতে হতো। এবারের উৎসবে অংশ নিতে কিছু শিল্পী, কলাকুশলীর খরচ বহন করতে পারে মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *