গ্রাহকদের উদ্দেশে কারাগার থেকে যা বললেন ইভ্যালির এমডি রাসেল

নজর২৪, ঢাকা- দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল গ্রাহকের সম্মানিত আখ্যায়িত করে বলেছেন, সুযোগ এবং সময় পেলে আমাদের পক্ষে চার মাসের মধ্যেই সব জটিলতা গুছিয়ে ওঠা সম্ভব।

 

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় ইভ্যালি কর্তৃপক্ষ। আইনজীবীর মাধ্যমে ইভ্যালির এমডি গ্রাহকদের উদ্দেশে এ বক্তব্য দিয়েছেন।

 

ওই ঘোষণায় বলা হয়, ‘আমাদের উকিলের মাধ্যমে আমাদের সম্মানিত সিইও’র বক্তব্য হলো- সুযোগ এবং সময় পেলে আমাদের পক্ষে ৪ মাসের মধ্যেই সকল জটিলতা গুছিয়ে উঠা সম্ভব।’

 

গ্রাহকদের উদ্দেশ্যে দেওয়া পোস্টে ইভ্যালি লিখেছে, সম্মানিত গ্রাহক, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশীদার হয়ে দেশের অনলাইন কেনাকাটাকে সবার হাতের মুঠোয় নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি অবিরাম। আমরা এই কাজকে এগিয়ে নিতে চাই। চাই আপনাদের সবার সহযোগিতায় আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে চালিয়ে যেতে। আর এই সুযোগ পেলে সবার সব ধরনের অর্ডার ডেলিভারি দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ ছিলাম, আছি, থাকবো। ’

 

পোস্টে আরও লেখা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে অজ্ঞাতনামা হিসেবে আমাদের সব এমপ্লয়ি শঙ্কার মধ্যে দিন অতিবাহিত করছেন। আমাদের সম্মানিত সিইও এবং চেয়ারম্যান কারাগারে থাকায় আমাদের ব্যাংকিংও সাময়িকভাবে বন্ধ। এমন পরিস্থিতিতে আমাদের সার্ভারসহ, অফিসের খরচ চালানো এবং আমাদের এমপ্লয়িদের দায়িত্ব নেওয়ার বিষয়গুলোতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উকিলের মাধ্যমে আমাদের সম্মানিত সিইওর বক্তব্য হলো- সুযোগ এবং সময় পেলে আমাদের পক্ষে ৪ মাসের মধ্যেই সব জটিলতা গুছিয়ে ওঠা সম্ভব। ’

 

‘এই পরিস্থিতিতে আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ’

 

‘গ্রাহক এবং সেলারদের স্বার্থ সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট। দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে আমাদের এই যাত্রায় আমরা আপনাদের পাশে পেয়েছি সবসময়। আপনাদের এই ভালোবাসায় আমরা চিরকৃতজ্ঞ। সামনের দিনগুলোতেও আমরা এভাবে আপনাদের পাশে চাই। আপনাদের ভালোবাসার শক্তি আমাদের অদম্য পথচলার প্রেরণা ‘

 

‘ইভ্যালির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *