ইভ্যালির কার্যক্রম মনিটরিং ও দায়-দেনা নিরূপণে হচ্ছে বোর্ড গঠন

নজর২৪, ঢাকা- ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য বোর্ড করে দেওয়ার কথা বলেছেন হাইকোর্ট। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, সচিব, চার্টার্ড অ্যাকাউনটেন্টকে এতে রাখা হতে পারে। এ বিষয়ে বুধবার (১৩ অক্টোবর) আদেশ দেবেন হাইকোর্ট।

 

মঙ্গলবার (১২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্তের কথা জানান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। তিনি বলেন, আদালত যে কমিটি গঠন করে দেবেন তাদের কাজ হবে ইভ্যালির দায়-দেনা নিরূপণ করা ও সব বিষয় মনিটরিং করা।

 

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এন এম মাসুম ও ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। ব্যাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী তাপস বল।

 

এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথি হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে এসব নথি দাখিল করেন জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার।

 

একজন গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে গত ২২ সেপ্টেম্বর রুল জারি করে হাইকোর্ট। রুলে বাংলাদেশ ব্যাংক গভর্নর, ইক্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, ইভ্যালিকে বিবাদী করা হয়।

 

গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী সোমবার প্রতিষ্ঠানটির যাবতীয় নথিপত্র হাইকোর্টে জমা দেয় জয়েন্ট স্টক কোম্পানিজ। সবশেষ অডিট রিপোর্ট জমা দেয়ার কথা থাকলেও ইভ্যালি দেয় ২০১৯ সালের অডিট রিপোর্ট।

 

ইভ্যালির বিরুদ্ধে টাকা নিয়ে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারার অভিযোগ ছিল অনেক দিন ধরে। এসবের মাঝে গত ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

এরপর গুলশান থানায় করা অর্থ আত্মাসাৎ মামলায় তাদেরকে তিনদিনের রিমান্ডে পাঠায় আদালত। এই মামলায় রিমান্ড শেষে ধানমন্ডি থানায় করা অর্থ আত্মসাতের অপর এক মামলায় রাসেলকে ফের রিমান্ডে পাঠানো হয়। আসামি দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *