পরীমনিকে চা খাওয়াতে আদালতে জাহাঙ্গীর

নজর২৪ ডেস্ক- রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে গেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে রোববার দুপুর আড়াইটার দিকে হবে মামলার শুনানি।

 

সে খবর আগেই পেয়েছিলেন চা বিক্রেতা মো. জাহাঙ্গীর মিয়া। তাই সকাল থেকে অবস্থান নিয়েছেন আদালতের এজলাস কক্ষের সামনে। তার ইচ্ছা, পরীমনিকে এক কাপ চা খাওয়ানো।

 

তিনি বলেন, ‘পরীমনিকে এক কাপ চা খাওয়াইতে চাই।’

 

জাহাঙ্গীর মিয়ার বয়স প্রায় ৭০ বছর। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। তিনি ১৭ বছর ধরে পুরান ঢাকার আদালত পাড়াসহ বিভিন্ন স্থানে ফেরি করে চা-বিস্কুট বিক্রি করেন।

 

জাহাঙ্গীর জানান, এর আগে একবার আদালতে পরীমনির সঙ্গে দেখা হয়েছিল তার। সে সময় নায়িকার সঙ্গে তার কুশল বিনিময় হয়।

 

‘আগের তারিখ দেখা হলে সে আমাকে ভাল-মন্দ জিগাইছে। তাই আমার খুব ইচ্ছা, তারে এক কাপ চা খাওয়ানোর’, বলেন জাহাঙ্গীর।

 

আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় এবং মামলাটির তারিখ ধার্য থাকায় পরীমণি আদালতে হাজির হয়ে তার আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করে আবারও স্থায়ীভাবে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমণি ও তার দুই সহযোগীর অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

 

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *