‘গ্রাহক ইভ্যালিকে সময় দিলে প্রশাসন কেন দেবে না?’

নজর২৪, ঢাকা- দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশে ই-কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বিইসিএমএ)। সংগঠনের নেতারা বলছেন, গ্রাহক ইভ্যালিকে সময় দিলে প্রশাসন কেন দেবে না?

 

আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, রাসেল ভাইয়ের নিঃশর্ত মুক্তি দিয়ে ইভ্যালিকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।

 

সরকারের কাছে সাত দফা সুপারিশও তুলে ধরা হয় এ মানববন্ধন থেকে। এছাড়া মানববন্ধন থেকে যেসব অভিযোগ করা হয়- ইভ্যালি নিয়ে সবচেয়ে বেশি নেতিবাচক কথা যারা বলেন, তারা ইভ্যালিতে কখনো অর্ডার করেননি।

 

আরও বলা হয়, ইভ্যালিতে যারা অর্ডার করে প্রডাক্ট পেয়েছেন তারা যদি ইভ্যালির দুর্দিনে সহযোগিতা না করেন তাহলে নিজের বিবেকের কাছে অপরাধী হবেন।

 

মানববন্ধন থেকে আরও বলা হয়, আমাদের অনেকগুলো স্টার্টআপ বিদেশি বিনিয়োগ পেতে শুরু করছে, সেখানে ই-কমার্স খাতকে সুরক্ষা না দিতে পারলে, ভবিষ্যতে বিশ্বের ২৫ অর্থনীতির দেশ হওয়া কঠিন হবে।

 

রাষ্ট্রের প্রতিটা নাগরিক রাষ্ট্রের কাছে সন্তানের মতো, সন্তানের ভুল ত্রুটি ক্ষমা করলে আবার সংশোধন হবে। তাই বলে সন্তানকেই মেরে ফেলা হবে?

 

আরিফ বাকের নামে এক গ্রাহক গত ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করার পর সেদিনই মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

 

পরদিন পুলিশ তাদের আদালতে হাজির করলে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে নিয়ে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

 

রাসেল ও শামীমা রিমান্ডে থাকা অবস্থায় ধানমণ্ডি থানায় তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করেন কামরুল ইসলাম চকদার নামের এক গ্রাহক। সেই মামলাতে মঙ্গলবার রাসেলকে নতুন করে ১ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

 

তবে তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *