নজর২৪, ঢাকা- অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় আরেকটি মামলা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে মো. কামরুল ইসলাম চকদার বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন।
রোববার সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাতে কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি।
মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হলেও আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলায় এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন ছাড়াও আসামি করা হয়েছে- ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আকাশ, ম্যানেজার জাহেদুল ইসলাম হেময়, সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার তানভীর আলম, সিনিয়র এক্সিকিউটিভ কমার্শিয়াল জাওয়াদুল হক চৌধুরী, হেড অব অ্যাকাউন্টস সেলিম রেজা, অ্যাকাউন্টস ম্যানেজার জুবায়ের আল মাহমুদ, অ্যাকাউন্টস শাখার কর্মকর্তা সোহেল, আকিবুর রহমান তূর্য, সিইও রাসেলের পিএস মো. রেজওয়ান, বাইক ডিপার্টমেন্টের সাকিব রহমানসহ অজ্ঞাত ১৫/২০ জন।
গুলশান থানার করা অর্থ আত্মাসাতের অপর এক মামলায় রাসেল ও শামীমা বর্তমানে তিনদিনের রিমান্ডে আছেন। এই মামলাতেও তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে চায় ধানমন্ডি থানা পুলিশ।
গুলশান থানার মামলায় রিমান্ড শেষে ধানমন্ডি থানার মামলাতেও রাসেলে ও শামীমাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি ইকরাম আলী মিয়া। তিনি বলেন, ‘আমরা শোন এরেস্ট দেখিয়েছি। রিমান্ডের আবেদনও করা হয়েছে। গুলশান থানার মামলায় রিমান্ড শেষে তাদেরকে আমাদের হাতে দেয়া হবে।’
১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর ওইদিন বিকেলেই রাসেলকে আটক করে র্যাব সদরদফতর নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গুলশান থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
