জামিন নাকচ, কারাগারে ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল

partho 534

নজর২৪, ঢাকা- ঘুষ গ্রহণ ও অর্থপাচার আইনে করা মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন পার্থ গোপাল বণিক।

 

অপরদিকে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

গত ২ সেপ্টেম্বর পার্থ বণিকের জামিন বাতিল করে আদেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ২০ সেপ্টেম্বরের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সেই আদেশ অনুযায়ী পার্থ গোপাল বণিক বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।

 

গত ১৯ আগস্ট পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেয়ার ঘটনায় হাইকোর্টে ক্ষমা চান ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালত থেকে বদলি করে বিশেষ জজ আদালত-৪-এ পাঠানো হয়।

 

এর আগে ১৭ জুন সন্ধ্যায় পার্থ গোপালকে জামিন দেয় আদালত। এরপর ২৩ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত পার্থের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কর্মরত থাকাকালে পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ২৮ জুলাই জিজ্ঞাসাবাদের পর তাকে নিয়ে রাজধানীর ধানমন্ডির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদকয়। পরে তাকে আটক করা হয়। মামলাটিতে চলতি বছর ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালতে প্রায় এক মাসের জামিন পান সাবেক এই কারা কর্মকর্তা। এরপর তিনি কারামুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *