Home কৃষি, অর্থ ও বাণিজ্য ইভ্যালি‌তে বি‌নি‌য়োগ না করার কারণ জানিয়ে দিলো যমুনা গ্রুপ

ইভ্যালি‌তে বি‌নি‌য়োগ না করার কারণ জানিয়ে দিলো যমুনা গ্রুপ

0
223

নজর২৪, ঢাকা- ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ কর‌বে ব‌লে যে ঘোষণা দি‌য়ে‌ছিল তা থেকে সরে এসে‌ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ যমুনা।

 

‌সোমবার (৬ সে‌প্টেম্বর) রাতে এ তথ্য নি‌শ্চিত করেন যমুনা গ্রুপ পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম। এর আ‌গে তি‌নি তার ফেসবুকে এক জরুরি গণবিজ্ঞপ্তি‌ দি‌য়ে এ তথ্য জা‌নান।

 

যমুনা গ্রুপের পরিচালক ফেসবুক পেজে বলেন, ‘যমুনা গ্রুপ ব্যবসা পরিচালনায় উৎপাদনমুখী ও গঠনমূলক ব্যবসায়িক নীতিকেই গুরুত্ব দেয়, যা দেশের শিল্প অবকাঠামোগত ব্যাপকভিত্তিক উন্নয়নের পাশাপাশি দীর্ঘমেয়াদে লাখ লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টিতে ও জীবন-জীবিকার সংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।’

 

তিনি বলেন, ‘সুচিন্তিত পরিকল্পনায় সুদূরপ্রসারী ব্যবসায়িক সমৃদ্ধির নিশ্চয়তা ছাড়া ও কোনো চূড়ান্ত বিনিয়োগের আগে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা এবং পুনঃপর্যালোচনা ছাড়া কোনো ব্যবসায়িক খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করার অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ করে যমুনা গ্রুপ দীর্ঘ সময়ের কষ্টার্জিত অর্থ, সুনাম, মেধা ও সক্ষমতাকে ঝুঁকিতে ফেলতে রাজি নয়। অন্য কোনো কোম্পানিতে যমুনা গ্রুপের অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত, এখতিয়ার এবং অধিকার শুধুমাত্র যমুনা গ্রুপের একান্ত বিষয়, এটি কারো অনুরোধে ঢেঁকি গেলার বিষয় নয়।’

 

অন্য কোম্পানির অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোনো দায় নেবে না জানিয়ে তিনি বলেন, ‘অন্য কোনো কোম্পানির অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোনো দায় অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না। সর্বসাধারণের অবগতির জন্য অবহিত করা হলো।’

 

জানতে চাইলে যমুনা গ্রুপের কমার্শিয়াল ডিরেক্টর এ বি এম শামসুল হাসান বলেন, ‘আমরা ওদের কাগজপত্র যাচাই বাছাই করে দেখেছি ওখানে বিনিয়োগ করা আমাদের লাভজনক হবে না। সে কারণে আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’

 

গত ২৭ জুলাই ইভ্যালিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ যমুনা গ্রুপ। বলা হয়, প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা। এরপর বিভিন্ন পর্যায়ে বিনিয়োগ করা হবে ১ হাজার কোটি টাকা। এ তথ্য যমুনা ও ইভ্যালি উভয়পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল।

 

সেদিন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। যমুনার এই বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে গত মাসের শেষে যমুনা গ্রুপ ইভ্যালিতে বিনিয়োগ করবে না এমন গুঞ্জন ওঠে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here