Home বিনোদন পরীমনির পাশে দাঁড়ালেন নচিকেতা! প্রশ্ন তুলছেন, এত সাহস কার

পরীমনির পাশে দাঁড়ালেন নচিকেতা! প্রশ্ন তুলছেন, এত সাহস কার

0
127

বিনোদন ডেস্ক- গত ২ মাস ধরে যেন ঝড় বয়ে চলেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জীবনে। একের পর এক ওঠাপড়ার মুখোমুখি হচ্ছেন তিনি। ঢাকা বোটিং ক্লাবে গিয়ে ক্ষমতাশালী ব্যবসায়ীর দ্বারা নিগৃহিত হয়ে প্রতিবাদ জানান সোশ্যাল মিডিয়াতেই। সে কারণে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়।

 

এরপর আচমকাই গ্রেফতার হন মাদক মামলায়। দীর্ঘ ২৭ দিন ছিলেন জেল হেফাজতে। তবে, লড়াই করার ক্ষমতা যে একেবারেই হারিয়ে ফেলেননি, সে বার্তা দিয়ে চলেছেন বারবার, জেল থেকে বেরনোর পর থেকেই।

 

সম্প্রতি দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতার গানের দুটো লাইন নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শেয়ার করেছেন অভিনেত্রী। সোমবার নিজের ফেসবুকে নচিকেতার ২০১৭ সালের গান ‘এত সাহস কার’ ভাগ করে নিয়েছেন। বোঝা যাচ্ছে, গানের কথাতেই তিনি খুঁজে পেয়েছেন লড়াই করার রসদ।

 

সে গানে শিল্পী বলেছেন, ‘তোমার মন খারাপের কারণটা কে, এত সাহস কার?…. তাকে আকাশ থেকে এই মাটিতে নামানো দরকার।’

 

পরীমনির ব্যাপারে কথা বলতে গিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে নচিকেতা জানান, ‘আমার ব্যক্তিগতভাবে পরীমনিকে ভালো লাগে। ভীষণ সাহসী। যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা আছে ওর। যেভাবে নিজের দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তা খুব একটা সহজ নয়। আমি জানি তিনি আমার গান শোনেন। পছন্দও করেন। আমি পরীমনির অনুপ্রেরণা জেনে ভালো লাগছে।’

 

পাশাপাশি তিনি এও বলেন, সবার বোঝা উচিত, অভিনেত্রীরও ‘না’ বলার অধিকার আছে। সেই ‘না’ উচ্চারণ করেই তিনি আজ এত বিপাকে। এটা ওঁর দোষ নয়। সমাজের দোষ। একই সঙ্গে তিনি দুষেছেন গণমাধ্যমকেও।

 

অভিযোগ, সমাজের মতোই এক চক্ষু সংবাদমাধ্যমও। কেচ্ছার গন্ধ পেয়ে নড়ে বসেছে। অভিনেত্রীর হয়ে ক’জন মুখ খুলছে? নচিকেতার আরও আক্ষেপ, সমাজের এই ধারা সব জায়গাতেই সমান। শুধু বাংলাদেশ নয়, ভারতের ছবিও এক। নইলে নুসরত জাহানকে নিয়ে এত বিতর্ক তৈরি হত না।

 

নচিকেতা উদাহরণ দেন ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মালা সিন্‌হার। বলেন, ‘‘সেই সময় ওঁকে শুনতে হয়েছিল, ওঁর যাবতীয় উপার্জন নাকি বেশ্যাবৃত্তি করে হয়েছে। সমাজ বরাবর নিজের জোরে উপরে উঠতে থাকা নারীদের গায়ে কালি মাখিয়ে তাঁদের নীচে নামিয়েছে।’’

 

সবশেষে পরীমণিকে নচিকেতা চক্রবর্তী খোলা বার্তায়  জানান, ‘আপনাকে পূর্ণ সমর্থন জানাই। সব সময় পাশে আছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here