নজর২৪, ঢাকা- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ সংগঠনটির শীর্ষ স্থানীয় নয়জন নেতাকে আটক করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান বলেন, আটক হওয়া জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদে বৈঠকের খবর জানতে পেরে তাদের আটক করা হয়।
তিনি বলেন, আটকদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আমিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রফ, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ও জামায়াত কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম।
তিনি বলেন, বৈঠক থেকে আলামত হিসেবে কিছু বই আমরা জব্দ করি। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তারা কোনো সদুত্তর দিতে পারেননি কেন তারা বৈঠকে মিলিত হয়েছিলেন। আমরা ধারণা করছি, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করা উদ্দেশ্য মিলিত হয়েছিলেন। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করার জন্য এটি তাদের গোপন বৈঠক ছিল।
আটককৃরদের বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে ডিসি বলেন, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশতার পরিকল্পনা উদ্দেশ্যে মিলিত হওয়ার দায়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
যে বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ওই বাসার মালিক জামায়েতের কর্মী কি না, তিনি এ বৈঠকের বিষয়ে জানতেন কি না প্রশ্ন করা হলে ডিসি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল তারা প্রায়ই এ ধরনের বৈঠকে মিলিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতেন। এর আগে, যে নাশকতাগুলো হয়েছিল, এভাবেই তারা সেগুলোর পরিকল্পনা করেন।





