শিগগিরই মূল দলের ঘোষণা, সংসদ নির্বাচনে ‘চমক দেখাবেন’ ভিপি নুর

নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। সেপ্টেম্বরের মধ্যেই দলের আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান তিনি।

 

মূল দল গঠনের আগেই ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার এবং প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছে নুর-এর নেতৃত্বাধীন সংগঠনটি।

 

কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, ‘সেপ্টেম্বরে আমাদের মূল দলের ঘোষণা দিতে চাই। অনেক দল আছে দেশে, কিন্তু মানুষের দাবি দাওয়া নিয়ে কাজ করা দল হাতে গোনা। আমরা কার্যকর দল গঠন করে মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে চাই।’

 

ছাত্র অধিকার পরিষদ সূত্র জানায়, দলের নাম হিসাবে ‘গণ অধিকার পার্টি’ রয়েছে আলোচনায়। এছাড়াও অধিকার শব্দ রেখে অন্য নাম নিয়েও আলোচনা চলছে দলের অভ্যন্তরে। সাবেক সামরিক কর্মকর্তা, সাবেক আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে দল গঠনের চেষ্টা চালাচ্ছেন নুর, রাশেদ, ফারুকরা।

 

দল ঘোষণা করেই দেশে অবস্থান তৈরি করতে চান নুর। তাঁর লক্ষ্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন দল নিয়ে চমক দেখাতে চান তিনি। ৩০০ আসনেই দিতে চান প্রার্থী।

 

নুর বলেন, ‘আন্দোলনের স্বার্থে অনেকের সংগে জোট হতে পারে। কিন্তু নির্বাচনে এককভাবে অংশ নিতে চাই আমরা। আমাদের টার্গেট হচ্ছে, আগামী নির্বাচনে দেশে একটি চমক দেখানো। আমাদের নেতৃত্বে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই।’

 

নুর-এর দলের প্রাথমিক লক্ষ্য সরকার বিরোধী অবস্থানে নিজেদের শক্তি জানান দেওয়া। নুর বলেন, ‘বিরোধী দলগুলোর ব্যর্থতা মানুষ দেখছে। সেই জায়গায় আমরা সবসময় মানুষের পক্ষে কথা বলে চলেছি। দল ঘোষণা করলে মানুষের মধ্যে গণজোয়ারের সৃষ্টি হবে।’

 

নামসর্বস্ব রাজনৈতিক দল নয়, কার্যকর দল গঠন করতে চান নুর। পার্শ্ববর্তী ভারতের তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি’র উত্থান সাহস যোগাচ্ছে তাঁকে।

 

বলেন, ‘ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টি’র উত্থান দেখেন, তাঁরা পেরেছে কারণ জনগণ তাঁদের সংগে ছিলো। বিএনপি, আওয়ামী লীগের মতো বড় দলের বিকল্প হওয়া সহজ কথা নয়, এটি আমি মানি। কিন্তু ইতিমধ্যেই আমরা সহজ করে ফেলেছি। রাজনৈতিক দল না হয়েও চারটি সংগঠন আমরা তৈরি করেছি। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই জেলা-উপজেলাসহ অনেক জায়গায় ইউনিয়ন পর্যন্ত কমিটি তৈরি করেছি। আগামী দেড় বছরের মধ্যে আমাদের দল দেশের পট পরিবর্তনে ভূমিকা রাখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *