Home জাতীয় আ.লীগকে সরাতে না পারলে তারেক রহমানকে দেশে ফেরানো যাবে না : ফখরুল

আ.লীগকে সরাতে না পারলে তারেক রহমানকে দেশে ফেরানো যাবে না : ফখরুল

0
158

নজর২৪, ঢাকা- ‘সরকার হটানোর আন্দোলন’র জন্য আগাম প্রস্তুতির ডাক দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর গোরানে ফ্রেন্ডস কনভেনশন সেন্টারে ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘করোনা হেল্প সেল’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতা-কর্মীদের প্রতি বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

 

তিনি বলেন, বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে না পারি,  আওয়ামী লীগকে যদি সরাতে না পারি, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্ত করতে পারব না। আমরা হাজার হাজার মানুষ যে মিথ্যা মামলা নিয়ে চেপে বসে আছি আমরাও মুক্ত হতে পারবো না। সেজন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানাচ্ছি।

 

বিএনপি মহাসচিব বলেন, আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, সোচ্চার হতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করতে হবে। তাদেরকে বাধ্য করতে হবে যে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের অধীনে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় দেশে একটা সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে, সরকার গঠন করবে।

 

মির্জা ফখরুল বলেন, আদালত দলীয়করণ করে খালেদা জিয়াকে অন্যায়ভাবে জামিন দেয়া হয়নি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে।

 

বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল প্রতিষ্ঠা করেছে।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার টিকার দাম বলে না। কত দিয়ে কিনছে তা বলে না। যে বলে, তার আবার চাকরি যায়, আপনারা পত্রিকায় দেখেছেন। যে টিকা ৩ ডলারে পাওয়া যায়, সেই টিকা তারা কিনছে ১০ ডলারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here