নজর২৪, ঢাকা- চিত্রনায়িকা পরীমণির তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
শুনানি শেষে পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, পরিমনি একজন নারী ও চিত্রনায়িকা। পরীমনির যে লাইফস্টাইল তাতে তিনি কারাগারে থাকতে পারছেন না। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে এই মামলায় বারবার রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।
তিনি বলেন, আমরা আজ আদালতে রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেছি। আদালতকে বলেছি পরীমনি আন্তর্জাতিক চোরাচালানচক্রের সদস্য না। তাকে জামিন দিলে পলাতক হবে না। আমরা তার যেকোনো উপায়ে জামিন চাই। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, মহিলা আসামিদের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হয়। পরীমণি মামলায় মাদকের পরিমাণ বেশি। তাই এক্ষেত্রে জামিনের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
এদিন সকাল ৮টা ২৫ মিনিটে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা আদালতে হাজির করা হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
এরপর সাড়ে ১১টার দিকে নেওয়া হয় আদালতের কাঠগড়ায়। কাঠগড়ায় উঠেই কাঁদতে থাকেন পরীমনি। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।
