নজর২৪ ডেস্ক- ‘এ মামলায় তাকে (পরীমণি) বার বার রিমান্ডে নেওয়ার গ্রাউন্ড নেই। তার বিরুদ্ধে যা অভিযোগ সেটার শাস্তি সর্বোচ্চ ৫ বছর। যে যে কারণে রিমান্ডে নেওয়া হয় তার কোনোটিই এ মামলায় নেই। ফলে স্বীকারোক্তি আদায় করতেই তাকে বার বার রিমান্ডে নেওয়া হচ্ছে। আপনি (বিচারক) সেই সুযোগ দেবেন না।’
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রিমান্ড ও জামিন শুনানির সময় এ কথা বলেন পরীমণির আইনজীবী মজিবুর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে আবার এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুর ১২টার পর এ আদেশ দেন।
বনানী থানায় করা মাদক মামলায় পরীমনিকে তৃতীয় দফায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই আবেদনের ওপর শুনানি শেষে আদেশ দেন আদালত।
এদিন বনানী থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ডের জোর দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ, বাসায় বিভিন্ন জায়গায় মদ পাওয়া গেছে; যা সত্য নয়। যদি সত্য হয়েও থাকে এ মামলায় তাকে আর জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই। সে কোনও আন্তর্জাতিক চক্রের সদস্য বলে কোনও অভিযোগ করা হয়নি। কাকে কোন মামলায় রিমান্ডে নিতে হবে তার বিধান আইনে আছে, যার কোনোটিই এ মামলায় পরিলক্ষিত হয়নি।’
তিনি আরও বলেন, আইন বলে সাক্ষ্য-প্রমাণ খুঁজতে হয়। অভিযুক্তকে শনাক্ত না করা গেলে অস্ত্র সংগ্রহের জন্য নেওয়া যেতে পারে। এর কোনোটিই এখানে বিবেচনায় নেওয়ার নেই।
আইনজীবী বলেন, তার কাছে আইস ৪ গ্রাম, সাড়ে ১৮ লিটার মদ পাওয়ার কথা বলা হয়েছে। তার বিরুদ্ধে যতগুলো ধারা দেওয়া হয়েছে তাতে তার ৫ বছরের বেশি সাজা হওয়ার সুযোগ নেই। ফলে তাকে বার বার রিমান্ডে নেওয়ার কিছু নেই। এখন আমাদের শঙ্কা, তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্যই বার বার রিমান্ড চাওয়া হচ্ছে।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ড শেষে গত শুক্রবার পরীমনিকে আদালতে হাজির করেছিল সিআইডি। আদালত সেদিন পরীমনির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত সোমবার আবার পরীমনির জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। এ জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল গতকাল বুধবার। কিন্তু গতকাল শুনানি শুরুর আগে রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয়, পরীমনিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। পরে আদালত আজ এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।
পরীমনিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।





