নজর২৪, ঢাকা- রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হয়েছে। তার সঙ্গে দেখা করতে আদালতে ছুটে এসেছেন নানা ও খালাতো ভাই মেহেদী।
বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে তারা আদালত প্রাঙ্গণে আসেন। আদালতে কেন এসেছেন জানতে চাইলে পরীমনির নানা বলেন, ‘নাতনীর সাথে দেখা করতে এসেছি।’ এ ছাড়া তিনি আর কোনো কথা বলেননি।
এ সময় পাশে বসে থাকা পরীমনির খালাতো ভাই মেহেদী বলেন, তিনি নানাকে আদালতে আনার জন্য পিরোজপুর থেকে এসেছেন।
এদিকে আদালতে তোলা হলে চিত্রনায়িকাকে দেখতে ভিড় জমান বিপুলসংখ্যক মানুষ। এজলাসে মহানগর হাকিম আতিকুল ইসলাম আইনজীবীসহ সবার উদ্দেশে বলেন, ‘আপনাদের যদি উনাকে দেখার উদ্দেশ্য হয়, তাহলে আপনাদের দেখা হয়েছে। এখন চলে যান।’
পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু আদালতকে বলেন, ‘অন্যান্য মামলার শুনানি শেষ করুন। এরপর পরীমনির মামলার শুনানি করব।’
সকাল সাড়ে ৮টার দিকে পরীমনিকে কাশিমপুর থেকে আনা হয় বলে জানিয়েছিলেন সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
এসআই শহিদুল নিউজবাংলাকে আরও জানিয়েছিলেন, পরীমনিকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানির সময় এজলাসে তোলা হবে তাকে।
