Home আলোচিত ‘তালেবানের দালাল’ আখ্যা দিয়ে আসিফ নজরুলের কুশপুত্তলিকা দাহ

‘তালেবানের দালাল’ আখ্যা দিয়ে আসিফ নজরুলের কুশপুত্তলিকা দাহ

0
73

নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসিফ নজরুলকে ‘তালেবানের দালাল’ আখ্যা দিয়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে চাকরিচ্যুত করাসহ গ্রেপ্তারের দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

বুধবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে সংগঠনটির নেতারা কুশপুত্তলিকা দাহ করেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে গিয়ে আসিফ নজরুলের অফিসে তালা লাগিয়ে দেন।

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মৌলবাদের মদদদাতা আসিফ নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। শিক্ষক নামের কলঙ্ক আসিফ নজরুলকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। জঙ্গি তালেবানের সমর্থনে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অপরাধে আসিফ নজরুলকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুতসহ দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোমান হোসাইন, মাকসুদ হাওলাদার, শাহীন মাতবরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রের সকল অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করে আসছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এর ধারাবাহিকতায় সম্প্রতি মৌলবাদ ও জঙ্গিবাদের মদদদাতা, রাষ্ট্রবিরোধী অপশক্তির দোসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক আসিফ নজরুল কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রদ্রোহী বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জঙ্গিবাদের মদদদাতা আসিফ নজরুলকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here