Home রাজধানী চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৩ মামলা

চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৩ মামলা

0
115

নজর২৪, ঢাকা- রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। শেরেবাংলা নগর থানায় মঙ্গলবার রাতে এসব মামলা করা হয়।

 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ দুটি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

 

মেট্রোরেল কর্তৃপক্ষের করা মামলায় বলা হয়েছে, তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে তাদের ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আর সরকারি কাজে বাধা, মারধরের অভিযোগে পুলিশের পক্ষ অন্য মামলাটি করা হয়েছে।

 

এর মধ্যে পুলিশের করা মামলায় বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ১৫৫ জনকে এবং মেট্রোরেল কর্তৃপক্ষের মামলায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

 

এ ঘটনায় এ পর্যন্ত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ওসি জানে আলম মুন্সী বলেন, আমরা এরইমধ্যে ৪৭ জনকে গ্রেফতার করেছি। গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশে জমায়েত হতে থাকেন।

 

এরপর তারা উদ্যানের ভেতর প্রবেশ করতে চাইলে উপস্থিত পুলিশের সদস্যরা বাধা দেন। পুলিশ জানায়, ভেতরে প্রবেশের অনুমতি নেই। তখন জোর করে বিএনপির নেতাকর্মীরা প্রবেশ করতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, রাবার বুলেট ও লাঠিচার্জ করে।

 

অন্যদিকে বিএনপির নেতাকর্মীরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীসহ অন্তত ২০ জন আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here