সিআইডির জিজ্ঞাসাবাদ: অনেকের নাম ফাঁস করে দিয়েছেন পরীমনি-পিয়াসা

নজর২৪ ডেস্ক-  পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন পেশার অনেক মানুষের নাম প্রকাশ করেছেন গ্রেপ্তারকৃত চিত্রনায়িকা পরীমনি এবং দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌ আক্তার।

 

ওই অভিনেত্রী ও দুই মডেলের দেওয়া তথ্য ও নামগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি’র অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শেখ ওমর ফারুক।

 

তিনি জানান, জিজ্ঞাসাবাদে যেসব লোকের নাম উঠে এসেছে, তাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

 

রোববার সংবাদ সম্মেলনে সিআইডি অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পরীমনিসহ গ্রেপ্তারকৃতদের সঙ্গে সম্পর্ক রয়েছে ব্যাংকের এমন কিছু কর্মকর্তার নাম গণমাধ্যমে আসছে- এগুলো যাচাই করা হচ্ছে।

 

তিনি বলেন, আমরা তাদের কাছ থেকে বিভিন্ন পেশার অনেকের নাম পেয়েছি। কেউ শত্রুতাবশতও দিতে পারে। সিআইডি এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে। কোনো নিরীহ মানুষ যেন দোষী না হয় সিআইডি এটা দেখছে।

 

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি বলেন, পরীমনি ও পিয়াসাদের দ্বারা ব্ল্যাকমেইলের কিছু সত্যতা পাওয়া গেছে। তাদের সহযোগী এবং ব্লাকমেইলিংয়ের শিকার হয়েছে এমন কিছু নাম পাওয়া যাচ্ছে। সেগুলো আমরা যাচাই-বাছাই করছি।

 

তবে পরীমনির সঙ্গে সম্পর্কিত হিসেবে নাম আসা গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা যেসব মামলার দায়িত্ব পেয়েছি, সেগুলো মাদক সংক্রান্ত। তদন্তে অন্য বিষয়ে তথ্য বা অভিযোগ আসলে বা থেকে থাকলেও আমরা আমলে নেব।”

 

এদিকে, গতকাল শনিবার পরীমনি, পিয়াসা ও মৌয়ের বাসায় তল্লাশি চালায় সিআইডি। এ সময়ে ল্যাপটপ, মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস এবং ওই তিনজনের ব্যক্তিগত যানবাহনও জব্দ করা হয় বলে জানিয়েছেন সিআইডির ওই কর্মকর্তা।

 

তল্লাশি চালিয়ে যেসব ডিভাইস পাওয়া পাওয়া গেছে সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে বলেও সিআইডির অতিরিক্ত ডিআইজি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *