পরীমনি ইস্যুঃ ব্যাংকের এমডি-চেয়ারম্যানদের বিষয়ে তদন্তের ঘোষণা সিআইডির

নজর২৪ ডেস্ক- নায়িকা পরীমনির অপকীর্তি ও অপরাধের সঙ্গে অনেক ব্যাংকের এমডি-চেয়ারম্যানের নাম গণমাধ্যমে আসছে। কিন্তু তারা আদৌ জড়িত কি না তা পুঙ্খানুঙ্খুভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যাংকের এমডি-চেয়ারম্যানদের বিষয়ে বিস্তারিত বলতে পারব।

 

রবিবার (০৮ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এ কথা বলেছেন।

 

তিনি বলেন, পরীমনিকাণ্ডে অনেক মানুষের সঙ্গে সম্পৃক্ততার কথা আমরা জানতে পারছি। অনেকের নামও পাচ্ছি। ব্যাংকের এমডি-চেয়ারম্যানের নাম অনেক গণমাধ্যমে আসছে। কিন্তু এ নামগুলো আমাদের পক্ষ থেকে বলা হয়নি। যাদের সংশ্লিষ্টতা নেই তারা যেন হয়রানির শিকার না হন এজন্য আপাতত ব্যাংকের এমডি-চেয়ারম্যানদের নাম বলতে চাচ্ছি না। তদন্ত শেষে বলা যাবে।

 

সম্প্রতি গ্রেফতার আওয়ামী মহিলা লীগের উপ-কমিটি থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীর, আলোচিত নায়িকা পরীমণি, কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, প্রযোজক নজরুল ইসলাম রাজ ও শরিফুল হাসান মিশুর বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

এ ব্যাপারে তিনি বলেন, আমরা গতকাল (শনিবার) একসঙ্গে ছয়জন মূল আসামির বাসায় তল্লাশি অভিযান পরিচালনা করেছি। কিছু আলামত ও ডিভাইস উদ্ধার করেছি। ল্যাপটপ, ডেস্কটপ পাসপোর্ট, মোবাইল, হার্ডডিস্ক ও ফেরারি গাড়ি জব্দ করেছি। তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান।

 

তিনি বলেন, আমরা পরীমণি, পিয়াসা, মৌ, রাজসহ প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা জব্দ করা আলামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা তদন্তের এই পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তবে এই মুহূর্তে তা বলা সম্ভব হচ্ছে না। তাদের প্রতারণা, অনৈতিক কার্যক্রম ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অপকর্মের সঙ্গে জড়িত নানা পেশার অনেক নাম আমরা জেনেছি। এসব যাচাইবাছাই করছি। যাদের নাম এসেছে তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, আমরা যে মামলাগুলো তদন্ত করছি তা প্রত্যেকের বিরুদ্ধে মাদক সংক্রান্ত। অন্য বিষয়ে তথ্য বা অভিযোগ এলে বা থেকে থাকলেও আমরা আমলে নেব।

 

সিআইডির হেফাজতে জিজ্ঞাসাবাদে থাকা ছয় আসামির বিরুদ্ধেই মাদক রাখা ও পার্টির নামে জিম্মি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত কোনো ভিকটিম পাওয়া গেছে কি-না জানতে চাইলে সিআইডির এ কর্মকর্তা বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ভিকটিম অভিযোগ করেননি। তবে আমরা বেশ কিছু ভিকটিমের নাম জেনেছি। আমরা পরীমণি ও পিয়াসাদের দ্বারা ব্ল্যাকমেইলের সত্যতা পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *