মিডিয়ার উপর ক্ষোভ প্রকাশ করে পরীমনিকে নিয়ে যা বললেন নির্মাতা ঝন্টু

বিনোদন ডেস্ক- বিশিষ্ট চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেছেন, পৃথিবীতে নবী-রাসুল ছাড়া সব মানুষেরই কম-বেশি ভুল থাকে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শুধু ভুলটা দেখ, ভালো দিক দেখ না কেন? হাতের পাঁচটি আঙুল যেমন সমান নয়, সব মানুষও একরকম নয়। কেউ ভালো, কেউ মন্দ। এ নিয়েই পৃথিবী।

 

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 

ঝন্টু বলেন, সিনেমা জগতের অনেকের বাসায় তো কোরআন শরীফও আছে। কারো ঘরে কোরআন শরীফ পাওয়া যাবে, কারো ঘরে জায়নামাজ পাওয়া যাবে, কারো ঘরে ক্রেস্ট পাওয়া যাবে। আবার কারো ঘরে আর্ট (চারুকলা) থাকবে। এটাই স্বাভাবিক।

 

অভিনেত্রী পরীমণি, মৌ ও পিয়াসা এবং প্রযোজক রাজসহ বর্তমানে বিনোদন জগতের অনেকের বাসায় মদ পাওয়া যাচ্ছে। তাদের উচ্ছৃঙ্খল জীবনযাপন দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এরই মধ্যে অনেককে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে।

 

এসব ঘটনা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নে পরিচালক ঝন্টু বলেন, আমার ঘরে এসব ঘটে না কেন? শাবানাকে (জনপ্রিয় অভিনেত্রী) নিয়ে কোনো ঘটনা ঘটে না কেন? আলমগীর (অভিনেতা) সাহেবকে নিয়ে কোনো ঘটনা ঘটে না কেন? তার মানে কিছু লোক ভালো, কিছু লোক মন্দ। মন্দ লোকের ঘটনাগুলো তুলে ধরা হয় সংবাদ মাধ্যমে। ভালো লোকের ভালো কাজগুলো গণমাধ্যম সেভাবে তুলে ধরে না বলেও মন্তব্য করেন বিখ্যাত এই চলচ্চিত্র পরিচালক।

 

অনেকটা ক্ষোভের সাথে বহু সফল ছবির এই চিত্রনাট্যকার বলেন, মিডিয়ার মাধ্যমে এই মন্দ দিক দেখে দেখে মানুষ ভাবে, আমরা (বিনোদন জগতের) সবাই মনে হয় মন্দ।

 

নিজে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন উল্লেখ করে চলচ্চিত্র পরিচালক ঝন্টু আরো বলেন, আমি জীবনেও কোনো দিন মদ খাইনি। মদ কী, আমাকে জিজ্ঞাসা করলে বলতে পারব না। জীবনেও কোনো মেয়েকে ওই সেন্সে স্পর্শ করিনি।

উল্লেখ্য, চলচ্চিত্র মুক্তির আগেই যে তারকাখ্যাতি পাওয়া যায়, সেই বিরল ঘটনা আঙুল তুলে দেখিয়েছিলেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আর ছয় বছরের মধ্যে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকাও বনে যান। এ যেন এলাম, দেখলাম, জয় করলাম।

 

অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করলেও অভিনয়ের চেয়ে বেপরোয়া জীবন যাপন ও খুব অল্প সময়ে বিপুল অর্থ সম্পদের জন্যই বেশি আলোচনায় পরীমনি।

 

সবশেষ ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাব অভিযান শেষে তাকে গ্রেপ্তার করে। বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করেছে র‌্যাব। এ মামলায় বৃহস্পতিবার (৫ আগস্ট) তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *