রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৫৫) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় সিএনজি চালকসহ ৫ জন আহত হয়েছে।
নিহত আতাউর রহমান শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের চয়ড়া গ্রামের মৃত কাদের মাষ্টারের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (০৬ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর শহরের পারকোলা বাজার নামক স্থানে ঢাকা থেকে পাবনা গামী একটি প্রাইভেটকারের সাথে উল্লাপাড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় চালকসহ সিএনজিতে থাকা মোট ৬ জন আহত হয়, খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতাউর রহমান নামের এক সিএনজি যাত্রী মারা যায়। কর্তব্যরত চিকিৎক জানিয়েছেন সিএনজি চালক প্রকাশ চন্দ্র সরকার (৫০) এর অবস্থা আশঙ্কাজনক, তিনি উল্লাপাড়ার বাকুয়া গ্রামের বিমল চন্দ্র মন্ডলের ছেলে।
এই দুর্ঘটনায় মৃত আতাউর রহমানের স্ত্রী হোসনে আরা (৪৫) আহত হয়েছেন। বাকি দুজন যাত্রীর পরিচয় জানা সম্ভব হয়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ্ প্রাইভেটকার ও সিএনজি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
