নজর২৪ ডেস্ক- গৃহকর্মী নির্যাতন এবং বাসায় মাদক রাখার অভিযোগে পুলিশের হাতে আটক ঢাকাই সিনেমার অভিনেত্রী একা জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। দাবি করেন, জীবনে সিগারেটে একটা টানও দেননি তিনি।
গৃহকর্মীকে নির্যাতন বিষয়ে ৯৯৯-এ ফোন পেয়ে হাতিরঝিলের উলন এলাকার বন্ধু নিবাস ভবনে নিজের ফ্ল্যাট থেকে একাকে আটক করে পুলিশ। এ সময় সেখান থেকে ৫ পিস ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়।
হাতিরঝিল থানাতেই একা সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে সব মিথ্যা বলা হচ্ছে।
এসব ঘটনা গৃহকর্মীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার কাছে প্রমাণ আছে। আমাকে ফাঁসানোর জন্য গৃহকর্মী আমার ঘরে মাদক রেখে দিয়েছে। আমি কখনো সিগারেটে পর্যন্ত একটা টান দেইনি।’
গৃহকর্মী কেন ফাঁসাতে চায়, জানতে চাইলে একা বলেন, ‘সেটা জানি না। তবে আমার মেঝ বোন আছে, সে আমার ক্ষতি করতে চায়। সেজন্য আমি সম্প্রতি রামপুরায় (হাতিরঝিলের উলন এলাকা) চলে আসি।’
আর নির্যাতনের অভিযোগ নিয়ে একা বলেন, ‘এগুলো মিথ্যা। আমি অসুস্থ। আমাকে স্যালাইন দিতে হয়। আমার হাতে শক্তি নেই। আমি তাকে কীভাবে নির্যাতন করব।’
একার বাসার গৃহকর্মী হাজেরা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাতিরঝিল থানায় নিয়ে আসা হয়।
হাজেরা জানান, তার বয়স ৩৫, বাড়ি ময়মনসিংহে। পাঁচ হাজার টাকা বেতনে একার বাসায় কাজ নেন। প্রায়ই তাকে বকাবকি করত একা।
তিনি বলেন, ‘মাঝে মাঝেই একার বাসায় অনেকে আসত। তাদের বন্ধু-ভাই বলে পরিচয় দিত একা। সিগারেটের মধ্যে কী যেন ভরে খেত তারা। আমি সেগুলা দেখতাম না। আমার কাজ করার কথা, আমি কাজ করতাম। তার স্বামী পরিচয়ে কাউকে দেখিনি।
‘ঘরে ফালাইয়া আমারে একলা পাইয়া মারছে। কাইলা আমারে ঘর থেইকা বাইর কইরা দিছে। আইজকা আইছি বেতনের লাইগা। কইছি আমি আর কাজ করতাম না। কয় তুই কাজ করোস না ক্যা? কইয়া গালাগালি পাড়ছে আর মাইর দিছে।’





