Home আলোচিত ‘কঠোর লকডাউনে’ হাওর ভ্রমণে সংসদ সদস্য

‘কঠোর লকডাউনে’ হাওর ভ্রমণে সংসদ সদস্য

0
113

নজর২৪ ডেস্ক- করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতি মোকাবিলায় সরকারি নির্দেশে চলছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে সড়কে চলাচল করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অহেতুক বের হওয়া মানুষদের গুরুত্বপূর্ণ মোড়ে ভ্রাম্যমাণ আদালত মামলা দিয়ে জরিমানার আওতায় আনছে।

 

ঠিক সেই মুহূর্তে একজন সংসদ সদস্য কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে হাওর ভ্রমণ করেছেন। তার সঙ্গে দেখা গেছে চালকসহ আরও ৭ জনকে। বিষয়টি নিয়ে ফেসবুক ছাড়াও মানুষের মুখে চলছে নানা আলোচনা।

 

তিনি হলেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। শনিবার (২৪ জুলাই) ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে মাইক্রোবাসে করে কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণের তিনটি ছবি পোস্ট করেন তিনি।

 

পোস্টে এমপি লিখেছেন- ‘আমাদের জীবনে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণ অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ, তাই বাড়ীর কাছে কিশোরগঞ্জের বিশাল জলরাশি উপভোগ করতে যাচ্ছি, সঙ্গে আমার পরিবার, উপজেলা চেয়ারম্যান ও তার পরিবার, যুবনেতা সোহেল, ছাত্রনেতা ফয়সাল, সালাম, রয়েল, রাজু, সাইমুন ও বিডিআর রুহুল।’

 

সোমবার দুপুর ১২টা পর্যন্ত পোস্টে লাইক পড়েছে দুই হাজার। কমেন্ট পড়েছে তিন শতাধিক। এখানে দলীয় কিছু নেতাকর্মী শুভ কামনা জানালেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।

 

মাহমুদুল হাসান মিশাদ নামে একজন লিখেছেন, ‘লকডাউন এবং সরকারের বিধিনিষেধ আমান্য করার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি৷ আপনি জনপ্রতিনিধি হয়ে যদি এমন আইন ও নিয়ম ভাঙেন তাহলে আমরা যারা সাধারণ জনগণ তারা তো সরকারের এমন আইন ও নিয়ম কানুন না মানাটাই স্বাভাবিক।’

 

আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিন্টু নামে একজন কমেন্ট করে বলেছেন, ‘এই ত নেতা। রাজনীতি তুহিন ভাইয়ের কাছ থেকে শিক্ষা নেয়ার আছে।’

 

এই কথার পাল্টা জবাব দিয়ে মাহবুবুল আলাম নামে আরেকজন বলেছেন, ‘হুম কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোটাও শিক্ষণীয় ও প্রশংসনীয়।’

 

জিকরুল হাসান জিকু নামে আরেকজন লিখেছেন, ‘আপনারা জনপ্রতিনিধিরা নিজেরাই লকডাউন মানেন না, শুধু শুধু জনগণের ওপর হয়রানি।’

 

জানতে চাইলে এ বিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন গণমাধ্যমকে বলেন, ‘মন চেয়েছে তাই ঘুরতে গিয়েছি। সেখানে একজন অসুস্থ রোগীকেও দেখতে গিয়েছিলাম।’

 

লকডাউন উপেক্ষা হওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here