Home কৃষি, অর্থ ও বাণিজ্য ঈদের পর ১৪ দিন গার্মেন্টস বন্ধ, শতাধিক কারখানার রপ্তানি আদেশ স্থগিত

ঈদের পর ১৪ দিন গার্মেন্টস বন্ধ, শতাধিক কারখানার রপ্তানি আদেশ স্থগিত

0
92

নজর২৪ ডেস্ক- লকডাউনে শিল্প-কারখানা বন্ধ রাখার ঘোষণায় তৈরি পোশাকের শতাধিক রপ্তানি আদেশ স্থগিত হয়ে গেছে। অনেক কারখানার রপ্তানি আদেশ বাতিল করা হয়েছে। যেসব ব্র্যান্ড ও ক্রেতার সঙ্গে রপ্তানি আদেশের বিষয়টি আলোচনার পর্যায়ে ছিল সেগুলো আপাতত বন্ধ। ১০টি কারখানার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলে একই রকম তথ্য জানা গেছে।

 

ডিবিএল গ্রুপ, অ্যাডাম অ্যাপারেল, ম্যায়চিচ গার্মেন্টস, ফতুল্লা অ্যাপারেলস, উর্মি গ্রুপ, ইতাল অ্যাডওয়েজসহ কয়েকটি কারখানার ব্যবস্থাপনা পরিচালক জানান, জোটগত প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং একক প্রধান বাজার যুক্তরাষ্ট্রের পরিস্থিতি প্রায় করোনার আগের অবস্থায় ফিরে গেছে।

 

সব মার্কেট, দোকানপাট ও ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর ফ্লোর খুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন স্থবির থাকার পর এসব বাজারে পোশাকপণ্যের চাহিদা এখন যেকোনো সময়ের মধ্যে সর্বোচ্চ। করোনার ভয়াবহ সংক্রমণের কারণে ভারতে ক্রেতারা কম যাচ্ছেন। সামরিক শাসনে থাকা মিয়ানমারেও ক্রেতারা যাচ্ছেন না। ফলে হাতে এখন প্রচুর রপ্তানি আদেশ।

 

এর মধ্যেই গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের পর কঠোর বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প-কারখানা বন্ধ থাকবে। অর্থাৎ রপ্তানিমুখী পোশাক কারখানাও বন্ধ থাকবে। আন্তর্জাতিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রচারের পরপরই ক্রেতারা উদ্বেগ জানিয়ে উদ্যোক্তাদের সঙ্গে ইমেইলে, ফোনে যোগাযোগ করতে শুরু করেন।

 

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, এরই মধ্যে শতাধিক কারখানার রপ্তানি আদেশ বাতিল হয়ে গেছে। অনেক ক্রেতা কেবল হাতের কাজটিই কোনো রকমে উঠিয়ে দিতে বলেছেন। বাড়তি কাজ আর দিচ্ছেন না।

 

নিজের কারখানার উদাহরণ দিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, জায়ান্ট গ্রুপের কারখানায় মার্কিন ব্র্যান্ড ওয়ালমার্টের রপ্তানি আদেশের কাজ চলছিল। আরও কাজ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ব্র্যান্ড প্রতিনিধিরা হাতের কাজ আগে শেষ করতে বলেছেন। বাকি রপ্তানি আদেশের আলোচনা স্থগিত আছে।

 

এদিকে ঈদের পর ২৩ জুলাই থেকে দুই সপ্তাহের জন্য সরকার আবার লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা কঠোরভাবে পালন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

 

চুয়াডাঙ্গায় এক অনুষ্ঠানে শনিবার (১৭ জুলাই) সাংবাদিকদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের লকডাউন হবে কঠোর। বন্ধ থাকবে গার্মেন্টসসহ সব শিল্পপ্রতিষ্ঠান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here