করোনাকে ‘ম্যানেজ’ করেই আমাদের চলতে হবে : মেয়র আতিক

নজর২৪, ঢাকা- আমাদের লজ্জা নিবারণের জন্য যেমন পোশাক পরতে হয়, তেমনি জীবন বাঁচানোর জন্য মাস্ক পরতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

 

তিনি বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সঠিকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে করোনাকে ম্যানেজ করেই আমাদের চলতে হবে।

 

শুক্রবার (১৬ জুলাই) জুম প্লাটফর্মে অনুষ্ঠিত ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মো. আতিকুল ইসলাম বলেন, “মাস্ক আমার, সুরক্ষা সবার” ক্যাম্পেইনের মাধ্যমে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্থাপিত কোরবানির পশুর হাটগুলোতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাসহ প্রায় ৮ লাখ মাস্ক বিতরণ করা হবে।

 

ডিএনসিসি মেয়র ত্যাগের মানসিকতা নিয়ে সমাজের বিত্তবানদের প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের জীবন রক্ষায় হাসপাতালগুলোতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদানের আহ্বান জানান।

 

তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক সাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

মো. আতিকুল ইসলাম বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে খাদ্য সহায়তাসহ যে কোন জরুরি সেবা গ্রহণের জন্য ৩৩৩ নম্বর সচল রয়েছে। যেকোন অসহায় ও দুস্থ মানুষ ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা গ্রহণ করতে পারছেন।

 

ডিএনসিসি মেয়র বলেন, “সবার ঢাকা” মোবাইল অ্যাপস ব্যবহার করে যে কোন নাগরিক অতি সহজেই তার মতামত, সমস্যা কিংবা অভিযোগ ডিএনসিসির কাছে তুলে ধরতে পারছেন এবং দ্রুততম সময়ের মধ্যেই উক্ত সমস্যার সমাধানও পাচ্ছেন।

 

তিনি আরও বলেন, নিজের পরিবারসহ শহর ও দেশকে সুরক্ষিত রাখার জন্য কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আমাদের সকলকেই সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি সমূহ যথাযথ ভাবে মেনে চলতে হবে।

 

মো. আতিকুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বশরীরে হাটে না গিয়ে অনলাইনে ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১ থেকে কোরবানির পশু ক্রয় করার জন্য পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *