লকডাউন শিথিলের খবর: সড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের ১৩তম দিনে রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

 

আগের দিন লকডাউনের শিথিলের খবরের পর মঙ্গলবার এমন চিত্র দেখা গেছে রাজধানীর বিভিন্ন সড়কে।

 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যেও কোরবানি ঈদ ও পশুর হাট বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার থেকে ৮ দিনের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে শর্তসাপেক্ষে চলবে গণপরিহন। তবে ঈদের পর ফের ১৪ দিনের জন্য কঠোর লকডাউন দেয়া হবে।

 

রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, কলেজ গেট, ফার্মগেট, মিরপুর, গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, শাহবাগ, কারওয়ান বাজার, মগবাজার, মৌচাক, কাকরাইল, মতিঝিল ও বাড্ডা ঘুরে দেখা যায়, মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে।

 

কোনো কোনো চেকপোস্টে মঙ্গলবার সকালে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। রাস্তায় ব্যক্তিগত গাড়ি বেশি চোখে পড়েছে। শাটডাউনের শুরুর দিনের মতো রিকশার চলাচল চোখে পড়ার মতো।

 

তবে বাড্ডা চেকপোস্টের উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ বলেন, ‘যান চলাচল অন্যদিনের মতই স্বাভাবিক রয়েছে। আমরা প্রতিদিনের মতোই আমাদের দায়িত্ব পালন করছি। অপ্রয়োজনে কেউ বাসা থেকে বের হলে আমরা তার ও গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *