নজর২৪ ডেস্ক- পল্টন থানার জিরো পয়েন্ট দিয়ে মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাওয়ার সময় পুলিশের সিগন্যাল অমান্য করেন ইউসুফ (৪২) নামে এক চালক। পালিয়ে যাওয়ার সময় ডিউটিতে থাকা এক পুলিশ সদস্যের (নাম পাওয়া যায়নি) ওপর তিনি মোটরসাইকেলটি তুলে দেন। আহত ওই পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ইউসুফকে আটক করা হয়েছে। আহত হওয়ায় বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
মোটরসাইকেল চালক ইউসুফ বলেন, যাত্রী নিয়ে নতুন বাজার থেকে মতিঝিল যাচ্ছিলাম। পল্টন জিরো পয়েন্ট এলাকায় আসলে পুলিশ সিগন্যাল দেয়। পালাতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাই।
তিনি আরও বলেন, আমার সঙ্গে থাকা যাত্রী পালিয়ে যান। পরে পুলিশ আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমার কাঁধের ডান জয়েন্ট ফেটে গেছে। ভয়ে পালাতে গিয়েই এমন ঘটনা ঘটেছে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আশরাফুল বলেন, করোনার কারণে সরকারি বিধিনিষেধ চলছে। এর পরিপ্রেক্ষিতে মোটরসাইকেলে দুজন যাতায়াত নিষিদ্ধ। ওই চালক মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পুলিশ সিগন্যাল দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশকে ধাক্কা দিলে চালক এবং পুলিশ দুইজনই আহত হন।
তিনি আরও বলেন, ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। আর চালককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত চালক ইউসুফ আটক অবস্থায় আছেন। তবে ওই পুলিশ সদস্য ট্রাফিকের নাকি রাজারবাগ পুলিশ লাইনের সেটা জানতে পারিনি।
