মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বামীর পর এবারে স্ত্রী উম্মে কুলছুম হ্যাপীর (৫৫) মৃত্যু হয়েছে। তারা স্বামী-স্ত্রী দুজনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
শনিবার (২৬ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় করোনায় শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত উম্মে কুলছুম হ্যাপী লালমনিরহাটের সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার স্বামী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তারা লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা বাজার এলাকার বাসিন্দা।
লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, মৃত্যুর আগে ঐ শিক্ষিকার নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হলে তার রেজাল্ট পজিটিভ আসে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ জুন) রাতে তার মৃত্যু।
এর আগে তার তার স্বামী জিয়াউল হায়দার (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
জেলা প্রশাসক আবু জাফর বলেন, মানুষকে অনেকবার সচেতন করার পরেও তারা কেউ কথা শুনেননি। যে কারণে পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। আজ শনিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে এই বিধিনিষেধ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে- জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে এক হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছেন এক হাজার ১২২ জন।
