সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক হুমায়ন (৬৫) নিহত হয়েছেন।
২৬ জুন শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ন নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরে স্থানীয়রা হুমায়নকে আহত অবস্থায় উদ্ধার করে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, শনিবার সকালে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় বগুড়ার দিকে আসা পিকআপের সঙ্গে রংপুরের দিকে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক হুমায়ন মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়াও ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
