নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে কৃষকের ৩০০ মণ ধান, চাল, বাদাম সহ গোলা ঘর। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
শনিবার (২৬ জুন) ভোরে উপজেলার সিংরইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জব্বারের ভাই নাজিম উদ্দীন মাষ্টার জানান, পুড়ে যাওয়া গোলা ঘরটি তালাবদ্ধ ছিল। এতে প্রায় তিন’শ মণ ধান, চাল, মরিচ ও বাদাম সহ শশ্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। বৈদ্যুতিক সংযোগ ছিল না ঘরটিতে। তাই আগুন লাগার কোন উৎস নেই।
তিনি অভিযোগ করে বলেন এলাকাটিতে নিয়মিত জুয়া ও মাদকের আড্ডা হয়। চুরি করতে না পেরে হয়তো আগুন লাগিয়ে গেছে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সবকিছু পুড়ে প্রায় একশ মণ ধান সেদ্ধ অবস্থায় উদ্ধার হয়। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
