নজর২৪, ঢাকা- ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু। এই আসনে মনোনয়নপত্র দাখিলের পর বৈধ ঘোষিত চার প্রার্থীর মধ্যে বাকি তিন জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগের এই প্রার্থীকে কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে না।
বুধবার (২৩ জুন) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, করোনা সংক্রমণের কারণ দেখিয়ে জাতীয় পার্টি’র মোস্তাকুর রহমান, বিএনএফ-এর কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদ-এর আবু হানিফ মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
ঢাকা-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল গণমাধ্যমকে বলেন, মোট পাঁচ প্রার্থীর মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে একজনের মনোনয়ন বাতিল করা হয়। বাকি চারজনের মনোনয়ন বৈধ ছিল। কিন্তু আজ আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু ছাড়া বাকি তিনজন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি বলেন, যেহেতু তারা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, সে হিসাবে বলা যায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুন) আওয়ামী লীগ নেতা আগা খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার কথা রয়েছে।
এদিকে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম খান।
এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত উসমান। তিনি বলেন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির জসিম উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এ বিষয়ে আগামী ২৪ জুন আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি।
