নজর২৪ ডেস্ক- মাদক দিয়ে ফাঁসিয়ে চাঁদাবাজির অভিযোগে সূত্রাপুর থানা পুলিশের দুই এসআইকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। তারা হলেন- এসআই রহমাত উল্লাহ ও এএসআই রফিকুল ইসলাম। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাজধানীর শান্তিনগরের এক ফ্ল্যাটে গিয়ে এ ঘটনা ঘটায় তারা।
দুই পুলিশ সদস্যকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ। তবে তাদেরকে ঠিক কী কারণে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
গ্রেফতার হওয়া পুলিশের দুজনকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাজধানীর শান্তিনগরের একটি ফ্ল্যাটে ঢুকে এক যুবককে মাদক মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করে তারা। এই ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নাজমুল হক সুমন-এর বাসা শান্তিনগরের ইস্টার্ন পিস ভবনে। গত ১৪ জুন রাত ৯টার দিকে সাদা পোশাকে দু’জন তাদের বাসায় যায়। সুমন-এর বাবা দরজা খুলে দিলে তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করেন। এরপর সুমন-এর রুমে যান। রুমে কিছু ইয়াবা পাওয়া গেছে বলে তারা দাবি করে এবং অভিযোগ করে, সুমন ইয়াবার ব্যবসা করে।
বলা হয়, বাঁচতে চাইলে তাদেরকে টাকা দিতে। সুমন বাধ্য হয়ে ৫৫ হাজার টাকা দেন। এছাড়া সুমন-এর পরিচিত ফরহাদকে ফোন করে বাসায় ডেকে আনা হয়। এই সময় তারা ফরহাদকে আটক করে মোটরসাইকেলসহ এক লাখ টাকা দাবি করে। টাকা দেওয়ার শর্তে তারা ফরহাদকে ছেড়ে দেয় এবং মোটরসাইকেল নিয়ে যায়।
পরে সুমন পল্টন মডেল থানায় এই ঘটনায় মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা পায়। গত ২০ জুন পল্টন মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া’র নেতৃত্বে একটি দল সূত্রাপুর থানা থেকে ওই এসআই ও এএসআইকে গ্রেফতার করে। শুধু তাই নয়, গোপনীয়তা বজায় রেখে গ্রেফতারের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তারা কারাগারে আছেন।
