অবশেষে মুখ খুললেন আবু ত্ব-হার মা, করলেন আক্ষেপ

নজর২৪ ডেস্ক- নিখোঁজের আট দিন পর আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের ফিরে আসার খবর তার মা আজেদা বেগম জেনেছেন পুত্রবধূ আবিদা নূরের কাছে। তবে ছেলেকে দেখতে পারেননি তিনি। তার আগেই নিয়ে আসে পুলিশ।

 

আজেদার সঙ্গে কথা বলেছে গণমাধ্যম। তিনি বলেন, “আমার ছেলের স্ত্রী আমাকে দুপুরে ফোন করে জানায়, ‘মা, আপনার ছেলে ফিরে এসেছে, এখন বাসায় আছে আপনি আসেন’।”

 

‘দেরি না করে সঙ্গে সঙ্গে যাই। কিন্তু শুধু তাকে দেখতে পাই, এর মধ্যে পুলিশ এসে নিয়ে যায়’- আট দিন ধরে উৎকণ্ঠিত মা তার ছেলের সঙ্গে কথা না বলতে পারার আক্ষেপ তুলে ধরেন এভাবে।

 

আবিদা নূর তার বাবা আজহারুল ইসলাম মণ্ডলের বাড়িতেই থাকেন। বাসাটি রংপুর সদরের আবহাওয়া অফিসের কাছে।

 

গত ১০ জুন থেকে ত্ব-হার নিখোঁজ হওয়ার কথা জানা যায়। বিষয়টি প্রথমে গণমাধ্যমের সামনে আনেন দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার। পরে আজেদা বেগমও বিষয়টি নিয়ে কথা বলেন।

 

ত্ব-হার মা বলেন, ‘কী থেকে কী হচ্ছে আমি জানি না। আমার ছেলে জীবিত ফিরে এসেছে এ জন্য শুকরিয়া আদায় করছি। কোনো যেন বিপদ-আপদ না হয় সেই দাবি করছি।’

 

ঢাকায় থাকা দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহারের মতো স্বামীর ফিরে আসা নিয়ে কথা বলতে চাননি প্রথম স্ত্রী আবিদা নূরও। তবে কথা বলেছেন আবিদার ছোট বোন নিশা মনি।

 

তিনি বলেন, ‘ভাইয়া (ত্ব-হা) দুপুরে এসেই আপুর ঘরে যায়। আমরা আত্মীয়স্বজনদের খবরটা জানাই। এর কিছুক্ষণ পর পুলিশ এসে ভাইয়াকে নিয়ে যায়।’

 

ত্ব-হার শ্বশুর আজহারুল ইসলাম মণ্ডল বলেন, ‘ঘটনার দিন (১০ জুন) আমি আমার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে ছিলাম। সেখানে ঘটনাটা শুনে মনটা খারাই হয়ে গেছিল। এই কয়দিন কিছু ভালো লাগছিল না। ছটছট করি বেড়াইছি। আজ বাসায় আসছে। কিন্তু দেখা হয় নাই। এলাও দেখা হয় না।’

 

ত্ব-হাকে নিয়ে আসার পর রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। বাহিনীটির অপরাধ বিভাগের উপকমিশনার আবু মারুফ হোসেন দাবি করেন, ব্যক্তিগত কারণে ত্ব-হা ও তার চার সঙ্গী আত্মগোপনে ছিলেন।

 

আবু মারুফ হোসেন জানান, গত ১০ জুন বৃহস্পতিবার রংপুুুর থেকে প্রাইভেটকার ভাড়া করে ঢাকার পথে রওনা হন আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ আব্দুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন। পরে তারা ঢাকার গাবতলীতে পৌঁছালে ত্ব-হার ব্যক্তিগত সমস্যার কারণে সেখান থেকে গাইবান্ধার ত্রিমোহনীতে চলে যান। সেখানে তার পূর্ব পরিচিত বন্ধু সিয়ামের বাড়িতে অবস্থান করেন। এ সময় ত্ব-হার সঙ্গে আব্দুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিনও ছিলেন।

 

তিনি উল্লেখ করেন, আজ শুক্রবার দুপুর ২টায় আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের পরিবার থেকে জানানো হয়, তিনি বাড়ি ফিরেছেন। এরপর দুপুর পৌনে ৩টার দিকে নগরীর মাস্টারপাড়া এলাকার আজহারুল ইসলাম মণ্ডলের বাড়ি থেকে ত্ব-হাকে জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালী থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, আবু ত্ব-হাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা তাকে রাতে রংপুর কোতোয়ালি থানায় সোপর্দ করব। থানা কর্তৃপক্ষ যদি মনে করে তাকে আদালতে নেয়া প্রয়োজন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *