Home আলোচিত আবু ত্ব-হার সন্ধান আরও ২ দিন আগেই পেয়েছে তার স্ত্রী

আবু ত্ব-হার সন্ধান আরও ২ দিন আগেই পেয়েছে তার স্ত্রী

0
80

নজর২৪ ডেস্ক-  আবু ত্ব-হার খোঁজ নেই। প্রথমে বিষয়টি জানান দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহারই। থানায় গিয়ে সাধারণ ডায়েরি করার চেষ্টা, সেটি নেয়া হচ্ছে না বলে গণমাধ্যমে অভিযোগ, সংবাদ সম্মেলন করে ‘ত্ব-হাকে আমার কাছে ফিরিয়ে দেন, না হলে তার কাছে আমাকে নিয়ে যান’ বলে আবেগপ্রবণ বক্তব্য দিলেও স্বামীর খোঁজ পাওয়ার পর তিনি এ প্রসঙ্গে এখন কিছু বলতে রাজি হচ্ছেন না। তার কাছেও এখনই যেতে চাইছেন না।

 

গত ১০ জুন রাতে রংপুর থেকে ত্ব-হা আসছিলেন ঢাকা। সঙ্গে দুজন, আর গাড়িচালক। রাত ২টা ৩৮ মিনিটের পর ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন সাবিকুন্নাহার।

 

দুই দিন ধরে নানা জল্পনা-কল্পনার পর পরিবারটি অভিযোগ করতে থাকে, পল্লবী থানা সাধারণ ডায়েরি নেয়নি। তবে এ ঘটনায় একটি ডায়েরি হয় রংপুরে। ত্ব-হার মা আজেদা বেগম সাধারণ ডায়েরি করেন রংপুর থানায়। সেখানেই তার বাড়ি। আর সেই সূত্র ধরে তদন্ত করতে থাকে পুলিশ।

 

তার অন্তর্ধানের বিষয়টি তুমুল আলোচনা তৈরি করে সারা দেশে। অনুসারীরা অভিযোগ করতে থাকেন, দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থা তাকে তুলে নিয়েছে। তবে আট দিন পর তিনি ফেরেন রংপুরে তার প্রথম স্ত্রীর বাবার বাড়ি।

 

রংপুরে তার শ্বশুর বাড়িতে তাকে সকালে দেখা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার খোঁজ পান বিকেলে। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে রংপুর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

ত্ব-হা’র নিখোঁজের পর স্ত্রী সাবেকুন নাহার তার সন্ধান চেয়ে সংবাদ সন্মেলন করলেও তার ফিরে আসার পর কোন গণমাধ্যমে সে খবর জানাননি। ত্ব-হা’র ফিরে আসার খবর নিশ্চিত হওয়ার জন্য সাবেকুন নাহারের সাথে কথা বলতে বার বার ফোন করলেও রিসিভ করেননি। বরং কিছুক্ষণ পর তার মোবাইল ফোন বন্ধ করে রাখেন।

 

অনুসন্ধানে জানা গেছে, নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান ও অবস্থান আরো আগেই জানতে পারেন তাদের পরিবার। কিন্তু কোন এক অজানা কারণে তারা সেটা গোপন রাখতে চেয়েছেন। ত্ব-হার পরিবারের এমন আচরণে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

 

প্রশ্ন উঠছে ত্ব-হা কী আত্মগোপনে ছিলেন? তার পরিবারের সদস্যরা কি চান না তিনি কোথায় ছিলো এটা সাধারণ মানুষ জানুক? কিংবা তার নিখোঁজের বিষয়টি কী পারিবারিক কোন ঝামেলার কারণে! –এমন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের মনে।

 

এদিকে পুলিশ বলছে, ত্ব-হা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক ঝামেলার কারণে আত্মগোপনে ছিলেন -বলে তা স্বীকার করেছেন।

 

ত্ব-হা’র সন্ধান পাওয়ার পর তার পরিবারের সদস্যদের আচরণেও নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিগত ১০ বারোদিন যারা ত্ব-হাকে খুঁজে পেতে মিডিয়া ও পুলিশের কাছে হন্যে হয়ে ঘুরেছেন। তারাই ত্ব-হা’র সন্ধান পাওয়ার পর গণমাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন।

 

তার পরিবারের একাধিক জনের সাথে যোগাযোগ করলে ত্ব-হা’র বিষয়টি তারা এড়িয়ে যান।

 

তবে ত্ব-হার সন্ধান যে আগেই তার পরিবার পেয়েছেন সেটা গণমাধ্যম নিশ্চিত হয়েছে তাদের আইনি সহায়তা দেওয়া ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের সাথে কথা বলে। শুক্রবার এক অনলাইন নিউজ পোর্টাল-কে এই আইনজীবী জানিয়েছেন, নিখোঁজ ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান আগেই পাওয়া গেছে। তবে তার পরিবার নিরাপত্তার স্বার্থে সেটা গোপন করেছে।

 

জানা গেছে, ত্ব-হা’র স্ত্রী যেদিন সংবাদ সম্মেলন করেন সেদিনেই ত্ব-হা’র সন্ধান পান তার পরিবার। পুলিশি ঝামেলা হবে বলে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

 

দুপুর দুইটা ৩৭ মিনিটে যখন ত্ব-হার ফিরে আসার খবর বিভিন্ন গণমাধ্যমে আসতে শুরু করেছে তখন এই আইনজীবী জানান, এখন আপনাদের এতটুকু বলতে পারি, আমরা আগামীকাল তার সাক্ষাৎ পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি। তার স্ত্রী ও পরিবারের কেউ এই মুহূর্তে কথা বলবে না। এতে তারা নিরাপত্তাহীনতার আশংকা করছে।

 

ত্ব-হা ফিরে আসার বিষয়টি তার পরিবার গোপন করেছে কী না? এমন প্রশ্নের জবাবে রংপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, আমরা সেরকমটাই আন্দাজ করছি। তবে এখনি পরিষ্কারভাবে কিছু বলতে পারছি না। আমরা ত্ব-হা, মুহিত ও আমিরকে হেফাজতে নিয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here