নজর২৪, রংপুর- আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে রংপুর আদালতে তোলা হয়েছে। শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাদের কেএম হাফিজুর রহমান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
রংপুর মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ত্ব-হা নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) আলোকে তিনজনকে আদালতে তোলা হয়েছে। এখন আদালতই এ বিষয়ে করণীয় ঠিক করবেন।
এর আগে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলে শুক্রবার (১৮ জুন) বিকেলে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রংপুর মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
আবু মারুফ হোসেন জানান, গত ১০ জুন বৃহস্পতিবার রংপুুুর থেকে প্রাইভেটকার ভাড়া করে ঢাকার পথে রওনা হন আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ আব্দুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন। পরে তারা ঢাকার গাবতলীতে পৌঁছালে ত্ব-হার ব্যক্তিগত সমস্যার কারণে সেখান থেকে গাইবান্ধার ত্রিমোহনীতে চলে যান। সেখানে তার পূর্ব পরিচিত বন্ধু সিয়ামের বাড়িতে অবস্থান করেন। এ সময় ত্ব-হার সঙ্গে আব্দুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিনও ছিলেন।
তিনি উল্লেখ করেন, আজ শুক্রবার দুপুর ২টায় আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের পরিবার থেকে জানানো হয়, তিনি বাড়ি ফিরেছেন। এরপর দুপুর পৌনে ৩টার দিকে নগরীর মাস্টারপাড়া এলাকার আজহারুল ইসলাম মণ্ডলের বাড়ি থেকে ত্ব-হাকে জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালী থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আবু ত্ব-হাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা তাকে রাতে রংপুর কোতোয়ালি থানায় সোপর্দ করব। থানা কর্তৃপক্ষ যদি মনে করে তাকে আদালতে নেয়া প্রয়োজন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
