পরীমণি-মুনিয়ার ঘটনা যারা ঘটাচ্ছে তারা মাফিয়া: সংসদে এমপি হারুন

নজর২৪, ঢাকা- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন বিএনপি’র সংসদ সদস্য হারুনুর রশিদ।

 

সোমবার একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়।

 

হারুনুর রশিদ বলেন, ‘পরীমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। চার দিন ধরে তিনি বিচারপ্রার্থী। কিন্তু বিচার পাচ্ছেন না। এটি কি অসত্য? মুনিয়ার ঘটনা ঘটলো। এগুলো যারা ঘটাচ্ছে তারা মাফিয়া।’

 

সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে বিরাট আকারে সরকারকে নাড়া দিয়েছে সেই বিষয়গুলো আমলে নিতে হারুন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

 

এর আগে জনমত যাচাইয়ের সময় হারুন বলেন, ‘বাংলাদেশে আইন আছে, কিন্তু তার ব্যবহার নেই। পরীমণির মতো অভিনেত্রী ধর্ষণচেষ্টা ও নির্যাতনের শিকার। কিন্তু আইন থাকার পরও বিচার পাচ্ছেন না।’

 

পরীমণির প্রসঙ্গ টেনে হারুনুর রশীদ বলেন, ‘সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেই। অবশ্যই এর সঙ্গে জড়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল এ ব্যাপারে সব মিডিয়ায় প্রচার হয়েছে, আমার আর কী বলার আছে।’

 

উল্লেখ্য, নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। উত্তরার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে নাসির ও অমিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

 

এ সময় নাসিরের সঙ্গে থাকা অল্পবয়সী তিন নারীকেও গ্রেফতার করা হয়। এদের মধ্যে অমির গার্লফ্রেন্ড স্নিগ্ধা ও নাসিরের সঙ্গী লিপি ও সুমি রয়েছেন। গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনার সয়ম ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ-বিয়ার ও এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *